মেসির দুর্দান্ত পারফরম্যান্স

স্পোর্টস ডেস্ক
প্রাক্-মৌসুম ম্যাচ খেলতে হন্ডুরাস গেছে লিওনেল মেসির ক্লাব ইন্টার মায়ামি। স্থানীয় সময় শনিবার রাত ৮টার (বাংলাদেশ সময় আজ রবিবার ভোর ৭টা) দিকে ছিল ম্যাচ। তবে মাঠের নামার আগেই প্রাকৃতিক দুর্যোগ। সেখানকার সন্ধ্যা ৬টা ২৩-এর দিকে ভূমিকম্প আঘাত হানে উত্তর হন্ডুরাসে।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস-এর তথ্য অনুযায়ী, রিখটার স্কেলে সেই ভূমিকম্পের মাত্রা ছিল ৭.৬। ওই অঞ্চলে গত ৪ বছরে এত বড় মাত্রার ভূমিকম্প হয়নি। যদিও মেসিদের ম্যাচটি ছিল ভূমিকম্পের উৎপত্তিস্থল থেকে প্রায় ৪০০ মাইল দূরে।
তাই এমন বিরূপ পরিস্থিতির কিছু সময় পর নির্ধারিত সময়েই শুরু হয় খেলা। হন্ডুরাসের মাঠ অলিম্পিয়াকে দেশটির ক্লাব সি.ডি. অলিম্পিয়াকে ৫-০ গোলে বিধ্বস্ত করেছে মেসি-লুইস সুয়ারেসদের ক্লাব ইন্টার মায়ামি।
২৭তম মিনিটে দলের হয়ে গোলের উদ্বোধন করেন মেসি। সুয়ারেজের সহায়তায় এই গোল করেন আর্জেন্টাইন জাদুকর। প্রথমার্ধে আরও দুই গোল পায় মায়ামি। ম্যাচের ৪৪ মিনিটে ফেদেরিকো রেদান্দো ও প্রথমার্ধের যোগ করা সময়ে নোয়া অ্যালেনকে দিয়ে গোল করান মেসি।
দ্বিতীয়ার্ধের ৫৪তম মিনিটে ব্যবধান আরও বাড়ান মায়ামির উরুগুইয়ান তারকা সুয়ারেস। বি. ক্রেমাশির সহায়তায় এই গোল পান তিনি। মায়ামি তাদের শেষ গোলটি দেয় ম্যাচের ৭৯তম মিনিটে। সি.ডি. অলিম্পিয়ার জালে শেষবার বলটি জড়ান রায়ান সেইলর।
ভিওডি বাংলা/ এমএইচ







