আন্তর্জাতিক জলবায়ু সম্মেলনে ডিএসসিসির অংশগ্রহণ, নেতৃত্বে আবদুস সালাম

বিশ্বের শীর্ষস্থানীয় শহরগুলোর মেয়র ও প্রশাসকদের আন্তর্জাতিক সংগঠন ‘সি৪০’ (C40)-এর উদ্যোগে যুক্তরাজ্যের লন্ডনে শুরু হয়েছে বহুল আলোচিত ‘লন্ডন ক্লাইমেট অ্যাকশন উইক’।
জলবায়ু পরিবর্তন মোকাবিলা এবং টেকসই নগর উন্নয়নকে কেন্দ্র করে আয়োজিত এই আন্তর্জাতিক সম্মেলনে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) পক্ষে প্রতিনিধিত্ব করছেন ডিএসসিসির প্রশাসক ও বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম।
গত ২১ জুন শুরু হওয়া এই বৈশ্বিক আয়োজন আগামী ২৬ জুন পর্যন্ত চলবে। বিশ্বের বিভিন্ন দেশের মেয়র, নগর প্রশাসক, নীতিনির্ধারক, জলবায়ু বিশেষজ্ঞ এবং উন্নয়ন সহযোগী সংস্থার প্রতিনিধিরা এতে অংশ নিচ্ছেন।
সম্মেলনে জলবায়ু পরিবর্তনের ক্রমবর্ধমান ঝুঁকি মোকাবিলায় নগর প্রশাসনের করণীয়, পরিবেশবান্ধব ও টেকসই নগর পরিকল্পনা, কার্বন নিঃসরণ কমানো, গ্রিনহাউস গ্যাস হ্রাস, সবুজ অবকাঠামো নির্মাণ এবং জলবায়ু সহনশীল শহর গড়ে তোলার বিভিন্ন কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা হচ্ছে।
ডিএসসিসির প্রশাসক মো. আবদুস সালাম এই আন্তর্জাতিক প্ল্যাটফর্মে রাজধানী ঢাকার জলবায়ু ঝুঁকি, নগর ব্যবস্থাপনার চ্যালেঞ্জ এবং টেকসই উন্নয়নের বিভিন্ন উদ্যোগ তুলে ধরবেন বলে জানা গেছে। একই সঙ্গে বিশ্বের বিভিন্ন শহরের সফল অভিজ্ঞতা ও উদ্ভাবনী উদ্যোগ সম্পর্কে ধারণা লাভের মাধ্যমে ঢাকাকে আরও পরিবেশবান্ধব, সহনশীল ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তোলার সম্ভাবনা নিয়েও মতবিনিময় করবেন।
ভিওডি বাংলা/খতিব/এমএস







