‘আত্মরক্ষা’ নয়, ‘আগ্রাসন’ চালাচ্ছে যুক্তরাষ্ট্র: তেহরান

মধ্যপ্রাচ্যের উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের চালানো হামলাকে ঘিরে নতুন করে বিরোধ তীব্র হয়েছে। ওয়াশিংটন যেখানে এটিকে ‘আত্মরক্ষা’ হিসেবে ব্যাখ্যা করছে, সেখানে তেহরান সরাসরি একে ‘আগ্রাসন’ হিসেবে অভিহিত করেছে।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে যুক্তরাষ্ট্রের এ দাবির তীব্র সমালোচনা করেন।
মার্কিন পররাষ্ট্র দপ্তরের একটি নথিতে বলা হয়েছিল, ইসরাইলি মিত্রদের সম্মিলিত আত্মরক্ষা এবং যুক্তরাষ্ট্রের নিজস্ব আত্মরক্ষার সহজাত অধিকার থেকেই এই সংঘাতের সূত্রপাত। এর জবাবে বাঘাই প্রশ্ন তোলেন, ‘কিসের বিরুদ্ধে আত্মরক্ষা? ইরান কি এমন কোনো ‘সশস্ত্র হামলা’ চালিয়েছিল যার বিপরীতে আত্মরক্ষার প্রয়োজন ছিল? অবশ্যই না!’
তিনি আরও বলেন, এই হামলা কোনোভাবেই আত্মরক্ষার আওতায় পড়ে না; বরং এটি ইরানি জাতির বিরুদ্ধে চালানো একটি সুস্পষ্ট আগ্রাসন।
ওয়াশিংটনের ব্যাখ্যাকে প্রত্যাখ্যান করে বাঘাই এটিকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলেও উল্লেখ করেন। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এই যুদ্ধকে বৈধতা দেওয়ার প্রচেষ্টা তেহরান সরাসরি নাকচ করেছে।
সূত্র: আল-জাজিরা
ভিওডি বাংলা/এমএস







