ধানমন্ডি ৩২ নম্বর বাড়িতে ভাঙচুর

ভিওডি বাংলা রিপোর্ট
ধানমন্ডি ৩২ নম্বর বাড়িতে মিছিল নিয়ে ঢুকে পড়েছে ছাত্র-জনতা। ভারতে অবস্থানরত আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পূর্বঘোষিত অনলাইন বক্তব্যকে ঘিরে উত্তেজনাকর পরিস্থিতিতে ছাত্র-জনতা মিছিল নিয়ে সেখানে ঢুকে পড়েছে। এর আগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা ঘোষণা করেন, শেখ হাসিনা কোনো বক্তব্য দিলে ধানমন্ডি ৩২ নম্বর বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হবে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহও শেখ হাসিনার ভাষণের বিষয়ে ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন। তিনি লিখেছেন, ‘হাসিনাকে বক্তব্য প্রকাশের সুযোগ দেওয়াকে বাংলাদেশের ফ্যাসিবাদ-বিরোধী জনগণের বিরুদ্ধে ভারতের যুদ্ধ হিসেবে দেখি।’
গণঅভ্যুত্থানের মুখে ক্ষমতা ছেড়ে ভারতে হাসিনার পালিয়ে যাওয়ার ছয় মাস পূর্ণ হলো আজ বুধবার (৫ ফেব্রুয়ারি)। টানা ১৫ বছর ধরে গুম, খুন, দমনপীড়ন, মানবাধিকার লঙ্ঘন, দুর্নীতি, লুটপাট চালানোর পরও ছয় মাস পূর্ণ হওয়ার দিনই দিল্লি থেকে একটি ভাষণ দেবেন বলে ঘোষণা দেন শেখ হাসিনা। আজ রাত ৯টায় এই ভাষণ দেওয়ার কথা রয়েছে। তার এই ভাষণের ঘোষণার খবর প্রকাশিত হওয়ার পরই প্রতিবাদের ঝড় উঠেছে।
ফ্যাসিবাদের দোসরার এই ভাষণকে ‘রাজনীতিতে প্রত্যাবর্তনের বার্তা’ হিসেবে প্রচারণা চালালেও ক্ষোভে ফুঁসছে সাধারণ জনতা। তবে ফ্যাসিবাদির এই ধৃষ্টাতা রুখতে কর্মসূচি ঘোষণা করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।
‘উৎসব হোক!’ লিখে ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন জুলাই আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। বুধবার (০৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলে দুই শব্দের এই স্ট্যাটাস দেন তিনি। তবে এই স্ট্যাটাসের মাধ্যমে তিনি ঠিক কি বোঝাতে চেয়েছেন সেটা পরিষ্কার করেননি আসিফ মাহমুদ। এর আগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ তার ফেসবুকে লেখেন, ‘আজ রাতে বাংলাদেশ ফ্যাসিবাদের তীর্থভূমি মুক্ত হবে।’
ভারতে অবস্থানরত আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পূর্বঘোষিত অনলাইন বক্তব্যকে ঘিরে সরগরম হয়ে উঠেছে বাংলাদেশের রাজনীতি। শেখ হাসিনা কোনো বক্তব্য দিলে ধানমন্ডি ৩২ নাম্বার বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হবে বলে ঘোষণা দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র-জনতা।
এই কর্মসূচিকে সমর্থন দিয়ে অনেকেই ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন। কেউ লিখেছেন, ‘থাকবে না- ফ্যাসিবাদের আঁতুড়ঘর ধানমন্ডি ৩২ নাম্বার থাকবে না’। এছাড়া বুলডোজার মিছিলের একটি পোস্টারে ছেয়ে গেছে সামাজিক যোগাযোগ মাধ্যম।
ধারণা করা হচ্ছে, আসিফ মাহমুদ এবং হাসনাত আব্দুল্লাহর ফেসবুক স্ট্যাটাস এই ঘোষণাকে ঘিরেই দেওয়া হয়েছে। ফেসবুক স্ট্যাটাসে তারা ধানমন্ডি ৩২ অভিমুখে মিছিল নিয়ে যাওয়াকে বুঝিয়েছেন।
এদিকে রাত ৯টায় ধানমন্ডি-৩২ অভিমুখে বুলডোজার মিছিল কর্মসূচির ঘোষণা দেওয়া হয়েছে। বিষয়টি নিয়ে ফেসবুকে লেখালেখি করছেন জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী আন্দোলনের নেতারা।
জাতীয় নাগরিক কমিটির যুগ্ম-আহ্বায়ক আলী আহসান জুনায়েদ এক পোস্টে লেখেন, আজ 'জুলাই অভ্যুত্থান' এর ৬ মাস পূর্ণ হলো। এই ঐতিহাসিক দিনে বঙ্গের কসাই হাসিনা প্রকাশ্যে আসার সিদ্ধান্ত নিয়েছে। কী দিনটাই না বেছে নিল! এখন আমাদের আবার জাগবার সময়। আসুন, এই ঐতিহাসিক দিনে সব ফ্যাসিবাদী উপাদান নির্মূল করি।
ভিওডি বাংলা/ এমএইচ







