রাতে বাড়তে পারে মেট্রোরেল চলাচলের সময়

রাজধানীর যাত্রীসেবায় নতুন স্বস্তির খবর—রাতের বেলায় আরও দীর্ঘ সময় চলবে মেট্রোরেল। এ লক্ষ্যে ইতোমধ্যে ৪০ থেকে ৫০ মিনিট পর্যন্ত সময় বাড়ানোর পরিকল্পনা নিয়ে পরীক্ষামূলক কার্যক্রম শুরু করেছে কর্তৃপক্ষ। পরীক্ষার ফলাফল সন্তোষজনক হলে আনুষ্ঠানিকভাবে নতুন সময়সূচি ঘোষণা করা হবে।
মেট্রোরেল সংশ্লিষ্টরা জানিয়েছেন, সবকিছু ঠিক থাকলে মে মাসের শেষ দিকে অথবা পবিত্র ঈদুল আজহার পর বাড়তি সময় কার্যকর হতে পারে। একই সঙ্গে ট্রেনের মধ্যে ব্যবধানও কমানোর উদ্যোগ রয়েছে, যা প্রায় আধা মিনিট পর্যন্ত হ্রাস পেতে পারে।
মেট্রোরেল পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) সূত্রে জানা গেছে, পরিকল্পনা অনুযায়ী মতিঝিল থেকে উত্তরাগামী শেষ ট্রেন রাত ১১টা পর্যন্ত চালানোর চিন্তা করা হচ্ছে। বর্তমানে এই রুটে শেষ ট্রেন ছাড়ে রাত ১০টা ১০ মিনিটে। অপরদিকে উত্তরা থেকে মতিঝিলগামী সর্বশেষ ট্রেন ছাড়ার সময় নির্ধারণ করা হতে পারে রাত ১০টা ১০ মিনিট, যেখানে এখন শেষ ট্রেন ছাড়ে রাত সাড়ে ৯টায়।
বর্তমানে উত্তরা-মতিঝিল রুটে ২৪টি ট্রেন সেট রয়েছে, প্রতিটিতে ছয়টি করে কোচ সংযুক্ত। ব্যস্ত সময়ে ১২টি ট্রেন সেট নিয়মিত চলাচল করে। তবে সময়সীমা বাড়ানো এবং ট্রিপ সংখ্যা বৃদ্ধি পেলে এ সংখ্যা বাড়িয়ে ১৪টি ট্রেন সেট চালানোর প্রয়োজন হবে বলে জানিয়েছে ডিএমটিসিএল।
সংস্থাটির কর্মকর্তারা জানান, কারিগরি সক্ষমতা অনুযায়ী প্রতি সাড়ে তিন মিনিট পরপর একটি ট্রেন চালানো সম্ভব। যদিও প্রকল্প প্রণয়নের সময় সকাল থেকে মধ্যরাত পর্যন্ত সেবা চালুর পরিকল্পনা ছিল, জনবল সংকটের কারণে ধাপে ধাপে সময় বাড়ানো হচ্ছে।
ডিএমটিসিএলের পরিচালক (অপারেশন অ্যান্ড মেইনটেন্যান্স) নজরুল ইসলাম বলেন, “রাতের সময় দুই দিক থেকেই মেট্রোরেলের চলাচল বাড়ানোর বিষয়ে পরীক্ষা-নিরীক্ষা চলছে। তবে কবে থেকে এবং কতক্ষণ সময় বাড়ানো হবে, সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সড়ক পরিবহন মন্ত্রণালয়।”
উল্লেখ্য, ঢাকায় মেট্রোরেল চালু হয় ২০২২ সালের ২৮ ডিসেম্বর। শুরুতে উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত চলাচল সীমাবদ্ধ থাকলেও পরবর্তীতে ধাপে ধাপে স্টেশন সম্প্রসারণ করা হয়। ২০২৩ সালের শেষ দিনে মতিঝিল পর্যন্ত সব স্টেশনে যাত্রী ওঠানামা শুরু হয়।
ভিওডি বাংলা/এমএস







