মেসেজ লেখার ধরণে-ই ধরা পড়ে ব্যক্তিত্ব

ডিজিটাল যুগে যোগাযোগের অন্যতম প্রধান মাধ্যম এখন মেসেজিং। ফোন বা কম্পিউটারের স্ক্রিনে লেখা ছোট ছোট বাক্যগুলোর মধ্যেই লুকিয়ে থাকে মানুষের ভাবনা, মানসিকতা এবং অনেক ক্ষেত্রে ব্যক্তিত্বের প্রতিচ্ছবি। মনোবিজ্ঞানীরা বলছেন, কেউ কী লিখছেন তার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠছে তিনি কীভাবে লিখছেন।
বিশেষজ্ঞদের মতে, মেসেজ লেখার স্টাইল থেকে মানুষের আচরণগত বৈশিষ্ট্য অনেকটাই বোঝা যায়। যেমন-যারা প্রতিটি বাক্যের শেষে নিয়মিতভাবে ফুলস্টপ ব্যবহার করেন, তারা সাধারণত সংগঠিত, নিয়মকানুন মেনে চলা এবং চিন্তাশীল স্বভাবের হয়ে থাকেন। তাদের যোগাযোগে শৃঙ্খলা এবং পরিষ্কারভাবে ভাব প্রকাশের প্রবণতা বেশি দেখা যায়।
অন্যদিকে, যারা দ্রুত টাইপ করেন এবং ছোট ছোট ভাঙা বাক্যে মেসেজ পাঠান, তারা অনেক সময় তাড়াহুড়া বা স্বতঃস্ফূর্ত স্বভাবের হতে পারেন। এটি সব সময় নেতিবাচক নয়; বরং অনেক ক্ষেত্রে এটি তাদের প্রাণবন্ত এবং তাৎক্ষণিক প্রতিক্রিয়াশীল মনোভাবের ইঙ্গিত দেয়।

মেসেজে তিনটি ডট (…) ব্যবহারের বিষয়টিও মনোবিজ্ঞানীরা আলাদা গুরুত্ব দিয়ে দেখেন। এই চিহ্ন অনেক সময় অনিশ্চয়তা, দ্বিধা বা অসমাপ্ত ভাব প্রকাশ করে। আবার কেউ কেউ ইচ্ছাকৃতভাবে এটি ব্যবহার করেন কথোপকথনে রহস্য বা আবেগ তৈরি করতে।
রিপ্লাই দেওয়ার সময়ও ব্যক্তিত্বের একটি বড় ইঙ্গিত পাওয়া যায়। যারা খুব দ্রুত উত্তর দেন, তারা সাধারণত যোগাযোগে আগ্রহী, আবেগপ্রবণ এবং সম্পর্ককে গুরুত্ব দেন। অন্যদিকে, যারা দেরি করে রিপ্লাই দেন, তারা হয়তো ব্যস্ত, চিন্তাশীল অথবা ব্যক্তিগত স্পেসকে বেশি গুরুত্ব দেন।
এছাড়া লেখার ভাষা ও বড় হাতের অক্ষরের ব্যবহারও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ঘনিষ্ঠ সম্পর্কের ক্ষেত্রে মানুষ সাধারণত ছোট হাতের অক্ষর বা অনানুষ্ঠানিক ভাষা ব্যবহার করে থাকে। কিন্তু উত্তেজনা, রাগ বা বিশেষ গুরুত্ব বোঝাতে গেলে বড় হাতের অক্ষর এবং নির্ভুল যতিচিহ্নের ব্যবহার বেড়ে যায়।
মনোবিজ্ঞানীরা আরও বলছেন, ডিজিটাল যোগাযোগে এই ছোট ছোট অভ্যাসগুলো কোনো নির্দিষ্ট ব্যক্তিত্ব নির্ধারণ করে না, তবে এগুলো মানুষের মুহূর্তের মানসিক অবস্থা এবং যোগাযোগের ধরন সম্পর্কে গুরুত্বপূর্ণ ধারণা দিতে পারে।
বর্তমান সময়ে যেখানে অধিকাংশ যোগাযোগই অনলাইনভিত্তিক, সেখানে মেসেজ লেখার ধরন বিশ্লেষণ মানুষের আচরণ বোঝার একটি নতুন মাধ্যম হয়ে উঠছে।
ভিওডি বাংলা/জা






