• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে সাংবাদিকদের ওপর হামলা

   ৫ ফেব্রুয়ারী ২০২৫, ০৪:৫৮ পি.এম.

আদালত প্রতিবেদক

সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে হামলার শিকার হয়েছেন অন্তত তিন গণমাধ্যমকর্মী। সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বর্ধিত ভবনের সামনে বুধবার দুপুর পৌনে ১২টার দিকে এ ঘটনা ঘটে। আহত এক সাংবাদিককে বেসরকারি একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এদিকে সুপ্রিম কোর্টে পেশাগত দায়িত্ব পালনের সময় সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে আইন, বিচার ও মানবাধিকারবিষয়ক সাংবাদিকদের সংগঠন ল রিপোর্টার্স ফোরাম (এলআরএফ)।

পাবনার ঈশ্বরদীতে তৎকালীন বিরোধী দলীয় নেতা শেখ হাসিনাকে বহনকারী ট্রেনে গুলি ও বোমা হামলার অভিযোগে করা মামলায় আজ রায়ের দিন ধার্য ছিল। এ উপলক্ষে বিএনপির নেতা-কর্মীদের আদালত ও আদালত প্রাঙ্গণে উপস্থিত হতে দেখা যায়। বেলা সাড়ে ১১টার দিকে রায় ঘোষণা শেষ হয়।

সাধারণত কোনো মামলা, মামলার রায় ও আদেশের বিষয়ে সংশ্লিষ্ট আইনজীবী বা পক্ষ হাইকোর্টের বর্ধিত ভবনের সামনে ব্রিফিং করে থাকে।

একাধিক প্রত্যক্ষদর্শীর ভাষ্যমতে, রায় ঘোষণার পর বর্ধিত ভবনের সামনে গণমাধ্যমকর্মীরা আইনজীবীদের বক্তব্য নেওয়ার জন্য অপেক্ষা করছিলেন। এ সময় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিবসহ পাবনা জেলা বিএনপির নেতা–কর্মীরা সেখানে উপস্থিত ছিলেন।

প্রত্যক্ষদর্শীর ভাষ্য অনুযায়ী, একপর্যায়ে এক যুবক সাংবাদিকদের ঠেলে সেখানে রাখা ডায়াসের সামনে চলে আসেন। এ নিয়ে তর্ক হয়। সেখানে উপস্থিত পাবনা থেকে আসা বিএনপির নেতা-কর্মীরা সাংবাদিকদের ওপর চড়াও হন। গণমাধ্যমকর্মীদের কিল–ঘুষি ও লাথি মারেন। এতে কয়েকজন সাংবাদিক আহত হন। এর মধ্যে সেখানে উপস্থিত হয়ে বিএনপির আইন সম্পাদক কায়সার কামাল ও বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস পরিস্থিতি শান্ত করেন। পাশাপাশি কায়সার কামাল মারধরের শিকার জাবেদ আখতারকে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির অ্যাম্বুলেন্সে কাকরাইলের ইসলামী ব্যাংক হাসপাতালে পাঠান।

জাবেদ আখতার বেসরকারি টিভি চ্যানেল এটিএন নিউজের জ্যেষ্ঠ প্রতিবেদক ও ল রিপোর্টার্স ফোরামের প্রশিক্ষণ ও কল্যাণ সম্পাদক। ল রিপোর্টার্স ফোরাম এক বিবৃতিতে জানিয়েছে, জাবেদ আখতারকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর আগে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সাংবাদিকেরা ব্রিফিং বর্জন করে হাইকোর্ট বিভাগের বর্ধিত ভবনের সামনে ব্রিফিংস্থলে বসে অবস্থান কর্মসূচি পালন করেন।

ভিওডি বাংলা/ এমএইচ


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শেখ হাসিনাসহ ৮ আসামির বিরুদ্ধে শুনানি ৭ জুন
জাহাজবাড়িতে ৯ হত্যা শেখ হাসিনাসহ ৮ আসামির বিরুদ্ধে শুনানি ৭ জুন
নিজাম হাজারীসহ ১২৪ জনের বিরুদ্ধে চার্জ গঠন
টমটমচালক হত্যা নিজাম হাজারীসহ ১২৪ জনের বিরুদ্ধে চার্জ গঠন
স্মৃতিশক্তি হারিয়েছেন সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদ
আইনজীবী স্মৃতিশক্তি হারিয়েছেন সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদ