অর্থ আত্মসাত মামলায় তোফায়েল আহমেদের বিচার শুরুর আদেশ

সাবেক মন্ত্রী ও প্রবীণ আওয়ামী লীগ নেতা তোফায়েল আহমেদসহ তিন জনের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে অবৈধভাবে ১ কোটি ২৫ লাখ টাকা অর্থ আত্মসাতের অভিযোগে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দিয়েছেন আদালত। তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।
বৃহস্পতিবার (৭ মে) দুপুরে ঢাকা বিভাগীয় স্পেশাল জজ বেগম শামীমা আফরোজ আসামিদের অব্যাহতির আবেদন নামঞ্জুর করে এই আদেশ দেন।
তোফায়েল আহমেদের আইনজীবী মো. খায়ের উদ্দিন শিকদার এ তথ্য নিশ্চিত করেন এবং একই সঙ্গে আগামী ২২ জুন সাক্ষ্য গ্রহণের তারিখ ধার্য করেন।
বিচার শুরু হওয়া অপর আসামিরা হলেন-ম্যাডোনা অ্যাডভারটাইজিং লিমিটেডের প্রধান হিসাবরক্ষক মোহাম্মদ আনোয়ারুল ইসলাম এবং ভোলার মোশারফ হোসেন। এর মধ্যে আসামি মোশারফ হোসেন আদালতে উপস্থিত ছিলেন। বাকি দুজন পলাতক রয়েছেন। চার্জ গঠনের সময় তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে।
২০০২ সালে দুর্নীতি দমন ব্যুরোর পরিদর্শক কাজী শামসুল ইসলাম মামলাটি দায়ের করেন বলে মামলার এজাহারে বলা হয়েছে। এতে বলা হয়, তোফায়েল আহমেদ ক্ষমতার অপব্যবহার করে অবৈধভাবে অর্জিত ১ কোটি ২৫ লাখ টাকা গোপন করার উদ্দেশ্যে সহযোগীদের মাধ্যমে অর্থ স্থানান্তর ও উত্তোলন করেন।
আরও বলা হয়, ম্যাডোনা অ্যাডভারটাইজিং লিমিটেডের প্রধান হিসাবরক্ষক মোহাম্মদ আনোয়ারুল ইসলাম এবং ভোলার মোশারফ হোসেনের সঙ্গে যোগসাজশে সোনালী ব্যাংকের মতিঝিল কর্পোরেট শাখা থেকে বিভিন্ন সময়ে মোট এক কোটি ২৫ লাখ টাকা স্থানান্তর করা হয়।
মামলাটি তদন্ত শেষে তিন জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দেওয়া হয় এবং পরবর্তীতে ওই অর্থ উত্তোলন করা হয় বলে এজাহারে দাবি করা হয়েছে।
তবে উচ্চ আদালতের নির্দেশে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর মামলার কার্যক্রম দীর্ঘদিন স্থগিত ছিল। মামলাটি পুনরায় কার্যকর করে ২০২৪ সালের ৫ আগস্টের পর আদালত স্বপ্রণোদিত হয়ে (সুয়োমটো) নিম্ন আদালতে পাঠানো হয়।
ভিওডি বাংলা/জা







