• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

ট্রাম্পের অভিবাসন নীতিতে উদ্বেগ, বিশ্বকাপ ঘিরে ভ্রমণ সর্তকতা

স্পোর্টস ডেস্ক    ২৪ এপ্রিল ২০২৬, ০৭:১৮ পি.এম.
ছবি: সংগৃহীত

ফুটবল বিশ্বকাপের পর্দা উঠছে আগামী ১১ জুন। যৌথ আয়োজক মেক্সিকো, যুক্তরাষ্ট্র ও কানাডায় অনুষ্ঠিত হতে যাওয়া এবারের আসর শুরু হবে মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকার ম্যাচ দিয়ে। নতুন সম্প্রসারিত এই টুর্নামেন্টে এবার অংশ নেবে ৪৮টি দেশ।

তবে বিশ্বকাপ শুরুর দুই মাস আগে যুক্তরাষ্ট্রকে ঘিরে নতুন বিতর্ক তৈরি হয়েছে। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনালসহ কয়েকটি মার্কিন নাগরিক ও মানবাধিকার সংগঠন ‘বিশ্বকাপ ভ্রমণ সতর্কতা’ জারি করেছে। এতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কঠোর অভিবাসন নীতির কারণে যুক্তরাষ্ট্রে ভ্রমণকারীদের জন্য ঝুঁকির আশঙ্কা তুলে ধরা হয়েছে।

সতর্কবার্তায় বলা হয়েছে, দর্শনার্থীদের দেশে প্রবেশে বাধা দেওয়া হতে পারে। এমনকি অমানবিক পরিস্থিতিতে আটকে রাখা বা ভ্রমণকারীদের মোবাইল ফোন ও সামাজিক যোগাযোগ-মাধ্যম তল্লাশির মতো ঘটনাও ঘটতে পারে। সংস্থাগুলোর দাবি, যুক্তরাষ্ট্রে মানবাধিকার পরিস্থিতির অবনতি এবং আয়োজক শহর কিংবা মার্কিন সরকারের পক্ষ থেকে পর্যাপ্ত নিশ্চয়তা না থাকায় এমন সতর্কতা জারি জরুরি হয়ে পড়েছে।

অন্যদিকে, ইউ.এস. ট্রাভেল অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা জিওফ ফ্রিম্যান এসব উদ্বেগকে অতিরঞ্জিত বলে মন্তব্য করেছেন। এক বিবৃতিতে তিনি জানান, গত বছর প্রায় ৬ কোটি ৭০ লাখ আন্তর্জাতিক পর্যটক যুক্তরাষ্ট্রে ভ্রমণ করেছেন।

ফ্রিম্যানের ভাষ্য, যুক্তরাষ্ট্র ভ্রমণকে বড় ধরনের নিরাপত্তা ঝুঁকি হিসেবে তুলে ধরা বাস্তবসম্মত নয়, বরং এটি অর্থনৈতিক ক্ষতির উদ্দেশ্যে পরিচালিত রাজনৈতিক প্রচারণা।

এদিকে ফিফার এক মুখপাত্র জানিয়েছেন, আন্তর্জাতিকভাবে স্বীকৃত সব মানবাধিকারকে সম্মান করতে সংস্থাটি প্রতিশ্রুতিবদ্ধ। একই সঙ্গে এসব অধিকার সুরক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নিতে ফিফা সচেষ্ট থাকবে বলেও উল্লেখ করা হয়েছে।

বিশ্লেষকদের মতে, ট্রাম্প প্রশাসনের পররাষ্ট্রনীতি ও অভিবাসন-সংক্রান্ত বক্তব্য ইতোমধ্যে আন্তর্জাতিক পর্যটনে প্রভাব ফেলেছে। পাশাপাশি বিশ্বকাপের টিকিটের উচ্চমূল্য এবং হোটেল খাতে প্রত্যাশিত বুকিং না বাড়ায় আয়োজকদের অর্থনৈতিক লাভ নিয়েও প্রশ্ন উঠছে।

তবু আয়োজকরা আশা করছেন, ভিসা প্রক্রিয়া সহজ করা এবং টুর্নামেন্ট ঘিরে বাড়তি উন্মাদনা শেষ পর্যন্ত বিশ্বকাপকে সফল আয়োজন হিসেবে প্রতিষ্ঠিত করবে।

উল্লেখ্য, এবারের বিশ্বকাপের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রের ১১টি, কানাডার ২টি এবং মেক্সিকোর ৩টি স্টেডিয়ামে।

ভিওডি বাংলা/বিন্দু

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
গুরুত্বপূর্ণ জয় বার্সার, দুশ্চিন্তা ইয়ামালের চোট
গুরুত্বপূর্ণ জয় বার্সার, দুশ্চিন্তা ইয়ামালের চোট
র‌্যাংকিংয়ে বড় লাফ নাহিদ রানার
র‌্যাংকিংয়ে বড় লাফ নাহিদ রানার
সাফজয়ী অনূর্ধ্ব-২০ দলকে ডিএনসিসির সংবর্ধনা
সাফজয়ী অনূর্ধ্ব-২০ দলকে ডিএনসিসির সংবর্ধনা