জুলাই সনদের কিছু অংশে প্রতারণার আশ্রয়: আইনমন্ত্রী

জুলাই সনদের কিছু অংশে প্রতারণার আশ্রয় নেওয়া হয়েছে বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।
তিনি বলেছেন, মানবাধিকার কমিশন ও গুম কমিশন নিয়ে নানা প্রশ্ন রয়েছে। জুলাই সনদের কিছু অংশে প্রতারণার আশ্রয় নেওয়া হয়েছে। অঙ্গীকার অনুযায়ী বিএনপি সেটা সংশোধন করে বাস্তবায়ন করবে।
শুক্রবার (২৪ এপ্রিল) দুপুরে যশোর জেলা আইনজীবী সমিতির নতুন ভবন উদ্বোধন উপলক্ষে সমিতির সদস্যদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
আইনমন্ত্রী বলেন, ‘দেশে স্বাধীন বিচারব্যবস্থা থাকলেও সুপ্রিম কোর্ট স্বকীয়তা বজায় রাখতে ব্যর্থ। বিগত সরকারের আমলে আদালত রাজনৈতিক প্রভাবমুক্ত থাকতে পারেনি এবং অনেক ক্ষেত্রে রাজনৈতিক কর্মীর মতো আচরণ করেছে।’
তিনি বলেন, ‘পৃথক বিচার বিভাগ সচিবালয় আইন, মানবাধিকার কমিশন আইন, গুম কমিশন আইন ও জুলাই সনদ আইন যথাযথ যাচাই-বাছাই করে সংসদে উত্থাপন করা হবে। এসব আইনের ক্ষেত্রে পর্যালোচনা জরুরি, যাতে ভবিষ্যতে কোনো ধরনের অনিয়ম বা প্রশ্নের অবকাশ না থাকে। বর্তমান সরকার ও জনগণ একটি স্বচ্ছ ও নৈতিক বিচারব্যবস্থা প্রত্যাশা করে। আমরা ইন্টেলেকচুয়াল দুর্নীতির পথ বন্ধ করতে চাই।’
আইনমন্ত্রী বলেন, ‘আমরা ৭১ ও ২৪ নিয়ে কোনো বিভক্তি চাই না। সবাইকে বিভক্তির রাজনীতি থেকে ফিরে এসে বাংলাদেশি চেতনায় বিশ্বাসী হতে হবে। দেশে ক্রসফায়ার, গুম ও মিথ্যা মামলার ঘটনা শূন্যের কোঠায় নেমে এসেছে এবং সরকার জনকল্যাণে কাজ করে যাচ্ছে।’
জেলা আইনজীবী সমিতি ভবনে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন সমিতির সভাপতি ও জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু। এ সময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, বিএনপির ভাইস-চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম, যশোর-৫ আসনের এমপি অ্যাডভোকেট গাজী এনামুল হক, জেলা জজ মাহমুদা খানম, জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন প্রমুখ।
ভিওডি বাংলা/আরকেএইচ/এমএস







