বিশ্ববিদ্যালয়ে ক্ষমতার রাজনীতি মাথাচাড়া দিচ্ছে: নাহিদ ইসলাম

দেশে পুনরায় বৈষম্য ও দলীয়করণের প্রবণতা বাড়ছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক মো. নাহিদ ইসলাম। তিনি বলেন, দেশের বিভিন্ন প্রতিষ্ঠানকে দলীয়করণ করা হচ্ছে এবং বিশ্ববিদ্যালয়গুলোতে আবারও ক্ষমতাকেন্দ্রিক রাজনীতি মাথাচাড়া দিয়ে উঠছে। ফ্যাসিবাদ বা কোনো স্বৈরতান্ত্রিক ব্যবস্থা টিকিয়ে রাখার চেষ্টা করা হলে জনগণ আবারও সংগঠিত হবে এবং এনসিপির নেতৃত্বে ঐক্যবদ্ধ হবে।
শুক্রবার (২৪ এপ্রিল) বিকালে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। ওই অনুষ্ঠানে রাজনৈতিক নেতৃবৃন্দ ও নাগরিকদের দলভুক্ত করা হয়।
নাহিদ ইসলাম বলেন, জুলাইয়ের গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে ঐতিহাসিক সংগ্রামের ভেতর থেকে এনসিপির জন্ম হয়েছে। তারুণ্যের শক্তিকে কাজে লাগিয়ে দেশে পরিবর্তন ও সংস্কারের যে নতুন প্রত্যাশা সৃষ্টি হয়েছে, সেই লক্ষ্যেই দলটি কাজ করছে।
তিনি আরও বলেন, নির্বাচনের সময় জনগণের কাছে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল—এটি কোনো সাধারণ নির্বাচন নয়, বরং দেশ পরিবর্তন ও রাষ্ট্র সংস্কারের নির্বাচন। কারণ, এই নির্বাচনের পাশাপাশি একটি গণভোটও অনুষ্ঠিত হয়েছিল। কিন্তু সরকার গঠনের পর সেই গণভোটের ফলাফল অস্বীকার করা হয়েছে।
তিনি অভিযোগ করেন, সরকার জুলাই গণঅভ্যুত্থানের চেতনা থেকে এই নির্বাচনকে বিচ্ছিন্ন করে এটিকে কেবল ক্ষমতা পরিবর্তনের সাধারণ নির্বাচনে রূপ দিয়েছে। সংবিধানসহ গুরুত্বপূর্ণ সংস্কার প্রস্তাবগুলো পর্যায়ক্রমে বাতিল করা হচ্ছে বলেও দাবি করেন তিনি।
নাহিদ ইসলাম বলেন, সারা দেশ থেকেই দলটির প্রতি অভূতপূর্ব সাড়া পাওয়া যাচ্ছে। একটি সুসংগঠিত রাজনৈতিক দল গড়ে তুলে তরুণ প্রজন্মের আকাঙ্ক্ষাকে ধারণ করার লক্ষ্য রয়েছে এনসিপির। তিনি বলেন, এই দল বাংলাদেশকে আন্তর্জাতিকভাবে মর্যাদাপূর্ণ রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করতে, কর্মসংস্থান নিশ্চিত করতে, বৈষম্য দূর করতে এবং গণতন্ত্র সুসংহত করতে কাজ করবে।
ভিওডি বাংলা/আ







