নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মামলা করায় বিএনপির নেতাকে শোকজ

এনসিপির মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মামলা দায়েরের জেরে রমনা থানা বিএনপির সভাপতি আশরাফুল ইসলামকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে দলটি।
রোববার (৮ মার্চ) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক নোটিশে এ সিদ্ধান্ত জানানো হয়।
নোটিশে উল্লেখ করা হয়েছে, রোববার সকালে দলের অনুমোদন ছাড়া স্বপ্রণোদিত হয়ে আশরাফুল ইসলাম এনসিপির মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মামলা দায়ের করেছেন, যা দলের সাংগঠনিক শৃঙ্খলা লঙ্ঘনের শামিল।
নোটিশে আরও বলা হয়, “সুতরাং এ ধরনের দলের শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডের জন্য কেন আপনার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না, তার যথাযথ কারণ দর্শিয়ে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে একটি লিখিত জবাব দলের নয়াপল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়ে জমা দেওয়ার জন্য আপনাকে নির্দেশ প্রদান করা হয়েছে।”
এর আগে সকালে রমনা থানা বিএনপির সভাপতি আশরাফুল ইসলাম বাদী হয়ে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. হাসান শাহাদাতের আদালতে নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মামলা দায়ের করেন। মামলায় প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে অপরাধমূলক ভয়ভীতি প্রদর্শন এবং মানহানির অভিযোগ আনা হয়েছে।
ভিওডি বাংলা/এমএস







