মরক্কো কোচ রেগরাগুইয়ের পদত্যাগ

মরক্কো জাতীয় ফুটবল দলের প্রধান কোচ ওয়ালিদ রেগরাগুই বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করেছেন। বিশ্বকাপ শুরুর মাত্র কয়েক মাস আগে তার এই সিদ্ধান্তে দেশটির ফুটবল অঙ্গনে চমক তৈরি হয়েছে।
গত কয়েক সপ্তাহ ধরেই রেগরাগুইয়ের ভবিষ্যৎ নিয়ে আলোচনা চলছিল। শেষ পর্যন্ত তিনি নিজেই দায়িত্ব ছাড়ার সিদ্ধান্ত নেন।
প্রায় চার বছর দায়িত্ব পালনের পর ক্লান্তির কথা উল্লেখ করে তিনি কোচের পদ থেকে সরে দাঁড়িয়েছেন।
২০২২ সালে কাতারে অনুষ্ঠিত বিশ্বকাপে মরক্কোকে সেমিফাইনালে তুলে ইতিহাস গড়েছিলেন রেগরাগুই। কোনো আফ্রিকান দেশের জন্য সেটিই ছিল বিশ্বকাপে সর্বোচ্চ সাফল্য। তার অধীনে দলটি ৪৯টি ম্যাচ খেলেছে, যার মধ্যে ৩৬টিতে জয়, ৮টিতে সমতা এবং মাত্র ৫টিতে পরাজয় হয়েছে।
জানা গেছে, মরক্কোর নতুন কোচ হিসেবে দায়িত্ব নিতে পারেন মোহাম্মদ ওয়াহবি। গত বছর চিলিতে অনুষ্ঠিত অনূর্ধ্ব–২০ বিশ্বকাপে মরক্কো দলকে শিরোপা জিতিয়েছিলেন তিনি।
রেগরাগুইয়ের কোচিং সময়েই মরক্কো জাতীয় দল টানা ১৯টি ম্যাচ জিতে একটি বিশ্ব রেকর্ড গড়ে, যা ২০২৪ সালের জুন থেকে গত ডিসেম্বর পর্যন্ত স্থায়ী ছিল।
এদিকে মরক্কো দলের অধিনায়ক আশরাফ হাকিমি সামাজিক যোগাযোগমাধ্যমে রেগরাগুইকে ধন্যবাদ জানিয়ে লিখেছেন, মরক্কো জাতীয় দলকে নেতৃত্ব দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। আপনার নেতৃত্ব, আবেগ ও দৃষ্টিভঙ্গি শুধু খেলোয়াড়দের নয়, পুরো দেশ এবং বিশ্বের কোটি ভক্তকে অনুপ্রাণিত করেছে।
বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে মরক্কো এ মাসেই দুটি প্রীতি ম্যাচ খেলবে। ২৭ মার্চ মাদ্রিদে ইকুয়েডরের বিপক্ষে এবং চার দিন পর ফ্রান্সের লেন্সে প্যারাগুয়ের মুখোমুখি হবে তারা।
২০২৬ সালের বিশ্বকাপে মরক্কো খেলবে ‘সি’ গ্রুপে। সেখানে তাদের প্রতিপক্ষ ব্রাজিল, স্কটল্যান্ড ও হাইতি।
ভিওডি বাংলা/আ







