নতুন প্রজন্ম সব দেখছে, ফাঁকি দেওয়ার সুযোগ নেই: স্বাস্থ্যমন্ত্রী

প্রশাসনের প্রতিটি পদক্ষেপ এখন নতুন প্রজন্মের নজরদারিতে—এমন বার্তা দিয়ে কর্মকর্তাদের সতর্ক করলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল। তিনি বলেন, দায়িত্ব পালনে গাফিলতির কোনো সুযোগ নেই।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে নরসিংদী জেলা প্রশাসক কার্যালয়ে জেলার সব সরকারি কর্মকর্তাদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, মানুষের সেবা নিশ্চিত করতে হলে কাজের ক্ষেত্রে স্বচ্ছতা নিশ্চিত করা জরুরি। গণঅভ্যুত্থানের আগে যে মানসিকতায় দায়িত্ব পালন করা হয়েছে, সেই ধারা আর চলবে না। দেশ এখন অনেক এগিয়েছে উল্লেখ করে তিনি বলেন, আমরা যদি ভুল করি, তার খেসারত দিতে ১৭ বছর লাগবে না। অল্প সময়ের মধ্যেই ভুলের ফল ভোগ করতে হবে। বিষয়টি সবাইকে ধারণ করতে হবে।
তিনি আরও বলেন, কে মন্ত্রী, কে সংসদ সদস্য বা কে সরকারি কর্মকর্তা—এটি মুখ্য নয়; আমরা একটি দল হিসেবে দেশ গঠনে একসঙ্গে কাজ করব। ফুল নিয়ে এসে তিরস্কার নিয়ে যেতে চাই না। সে কারণে শতভাগ দুর্নীতিমুক্ত হতে হবে। সমাজ থেকে নেশা নির্মূল, ইভটিজিং বন্ধ এবং চাঁদাবাজি উৎখাত করতে হবে।
মোহাম্মদ আনোয়ার হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খায়রুল কবির খোকন, মনজুর এলাহী ও আশরাফ উদ্দিন বকুল। এছাড়া আবদুল্লাহ আল ফারুক, ডা. সৈয়দ আমিরুল হকসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ভিওডি বাংলা/এমএস







