• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

১২ ফেব্রুয়ারি ব্যর্থ হলে, ৫ আগস্টও ব্যর্থ হবে: নাহিদ ইসলাম

নিজস্ব প্রতিবেদক    ৮ ফেব্রুয়ারী ২০২৬, ১২:২৭ পি.এম.
এনসিপির নির্বাচনী জনসভায় বক্তব্য দিচ্ছেন ঢাকা-১১ আসনের প্রার্থী ও দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম  ছবি: সংগৃহীত

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক মাঠে উত্তাপ বাড়ছে। এই প্রেক্ষাপটে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর আহ্বায়ক ও ঢাকা-১১ আসনের প্রার্থী নাহিদ ইসলাম বলেছেন, “আগামী ১২ ফেব্রুয়ারি যদি ব্যর্থ হয়, তাহলে ৫ আগস্টও ব্যর্থ হয়ে যাবে। আমরা যেভাবে ৫ আগস্ট সফল করেছি, ঠিক সেভাবেই ১২ ফেব্রুয়ারিকেও সফল করব। ইনশাআল্লাহ, ১২ ফেব্রুয়ারি আমরা বিজয় নিয়েই ঘরে ফিরব।”

রোববার (৮ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর বাড্ডা এলাকায় এনসিপির নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, ঢাকা-১১ আসন দীর্ঘদিন ধরে অবহেলা ও অপরিকল্পিত উন্নয়নের শিকার। এই এলাকায় প্রয়োজনীয় খেলার মাঠ, পর্যাপ্ত শিক্ষাপ্রতিষ্ঠান ও সরকারি হাসপাতালের চরম ঘাটতি রয়েছে। তিনি জানান, “এই আসনে শতভাগ মানুষকে শিক্ষা ও স্বাস্থ্যসেবার জন্য প্রাইভেট সেক্টরের ওপর নির্ভর করতে হচ্ছে। এখানে কোনো সরকারি হাসপাতাল নেই, নেই সরকারি হাই স্কুলও। সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে মাত্র ১৫টি।”

তিনি আরও বলেন, অপরিকল্পিত নগরায়নের কারণে ঢাকা-১১ আসনের জীবনযাত্রা দিন দিন দুর্বিষহ হয়ে উঠছে। বর্ষা মৌসুমে সামান্য বৃষ্টিতেই প্রায় ৬০ শতাংশ রাস্তা পানিতে তলিয়ে যায়, সৃষ্টি হয় মারাত্মক জলাবদ্ধতা। এতে সাধারণ মানুষের দৈনন্দিন চলাচল ও জীবনযাপন মারাত্মকভাবে ব্যাহত হয়।

ড্রেনেজ ব্যবস্থার চিত্র তুলে ধরে নাহিদ ইসলাম বলেন, “এই এলাকার মাত্র ৩০ থেকে ৩৫ শতাংশ পরিকল্পিত ড্রেনেজ সিস্টেমের আওতায় রয়েছে। বাকি প্রায় ৭০ শতাংশ এলাকা অপরিকল্পিত ড্রেনেজ, নর্দমা ও আশপাশের খালের ওপর নির্ভরশীল।” তিনি অভিযোগ করেন, রামপুরা খাল ও শাহজাদপুর খালসহ গুরুত্বপূর্ণ জলাধারগুলো দখল ও ভরাট করে ফেলা হয়েছে, নদী দখল করে বালু ফেলা হয়েছে। ফলে এসব খাল আর জলাবদ্ধতা নিরসনে কার্যকর ভূমিকা রাখতে পারছে না।

ঢাকা-১১ আসনের উন্নয়ন বাধাগ্রস্ত হওয়ার পেছনে রাজনৈতিক কারণকেই প্রধান দায়ী করেন এনসিপি আহ্বায়ক। তিনি বলেন, “এই এলাকার সবচেয়ে বড় সমস্যা হচ্ছে ভূমিদস্যুদের দৌরাত্ম্য। শত শত মানুষের ব্যক্তিগত জমি, খাস জমি ও প্রাকৃতিক জলাশয় জোরপূর্বক দখল করে ভরাট করা হয়েছে। এর ফলে শত শত পরিবার নিঃস্ব হয়ে পড়েছে।”

ভূমি হারানো মানুষের প্রতি প্রতিশ্রুতি দিয়ে নাহিদ ইসলাম বলেন, “যারা অন্যায়ভাবে ভূমি হারিয়েছেন, তাদের ভূমি ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করা হবে। যদি তা সম্ভব না হয়, তাহলে ন্যায্য মূল্য নিশ্চিত করা হবে। ঢাকা-১১ আসন থেকে ভূমিদস্যুদের সিন্ডিকেট চিরতরে নির্মূল করা হবে।”

অর্থনৈতিক বৈষম্য দূর করার অঙ্গীকার করে তিনি বলেন, এই অঞ্চলের নাগরিক সুবিধা নিশ্চিত করা হবে এবং উন্নয়ন কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহি প্রতিষ্ঠা করা হবে।

নির্বাচন প্রসঙ্গে নাহিদ ইসলাম বলেন, এনসিপি শুধু ঢাকা-১১ আসনেই নয়, সারাদেশে বিজয়ের ব্যাপারে আশাবাদী। তার ভাষায়, “১১ দলীয় ঐক্যজোট শুধু সরকার গঠনের জোট নয়, আগামীর বাংলাদেশ পরিচালনার জোট। এই জোটের নেতৃত্বেই একটি নতুন বাংলাদেশ গড়ে উঠবে।”

তিনি দেশব্যাপী ১১ দলীয় ঐক্যজোটের প্রার্থীদের পক্ষে ভোট ও সহযোগিতা কামনা করে বলেন, “সারা বাংলাদেশে যেখানে যে প্রার্থী রয়েছেন, যে মার্কা রয়েছে, সবাইকে ঐক্যজোটের প্রার্থীদের পাশে দাঁড়াতে হবে।”

বক্তব্যের শেষাংশে তিনি আরও বলেন, বাংলাদেশে একটি রাজনৈতিক শক্তি দেশকে অস্থিতিশীল করার পরিকল্পনা করছে। সেই পরিকল্পনাকে ব্যর্থ করতে ১২ ফেব্রুয়ারির নির্বাচনকে অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করেন তিনি। নাহিদ ইসলাম বলেন, “১২ ফেব্রুয়ারির মাধ্যমে বাংলাদেশকে দখলদারমুক্ত, আধিপত্যবাদমুক্ত ও সন্ত্রাসমুক্ত করতে হবে।”

ভোটকেন্দ্র পাহারা দেওয়ার আহ্বান জানিয়ে তিনি তরুণ সমাজের উদ্দেশে প্রশ্ন ছুঁড়ে দেন, “১২ ফেব্রুয়ারি ভোটকেন্দ্র পাহারা দেওয়ার জন্য আপনারা প্রস্তুত তো?” তিনি দাবি করেন, তরুণ ও যুবসমাজ এই লড়াইয়ে প্রস্তুত রয়েছে।

পুনরায় তিনি বলেন, “১২ ফেব্রুয়ারি ব্যর্থ হলে ৫ আগস্টও ব্যর্থ হয়ে যাবে। আমরা যেভাবে ৫ আগস্ট সফল করেছি, ঠিক সেভাবেই ১২ ফেব্রুয়ারিকেও সফল করব। ইনশাআল্লাহ, বিজয় নিয়েই আমরা ঘরে ফিরব।”

ভিওডি বাংলা/জা

 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিএনপি মিডিয়া সেল কমিটির বৈঠক শেষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
বিএনপি মিডিয়া সেল কমিটির বৈঠক শেষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
মামলা দিয়ে পাটওয়ারীর মুখ বন্ধ করা যাবে না: নাহিদ ইসলাম
মামলা দিয়ে পাটওয়ারীর মুখ বন্ধ করা যাবে না: নাহিদ ইসলাম
নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মামলা করায় বিএনপির নেতাকে শোকজ
নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মামলা করায় বিএনপির নেতাকে শোকজ