জামিন পেলেন অভিনেতা আল্লু অর্জুন

বিনোদন ডেস্ক
হায়দরাবাদে পদপিষ্ট হয়ে মহিলার মৃত্যুর ঘটনায় অভিনেতা আল্লু অর্জুনকে অন্তর্বর্তী জামিন দিল তেলঙ্গানা হাই কোর্ট। ৫০ হাজার টাকার বন্ডে তার অন্তর্বর্তী জামিন মঞ্জুর করা হয়েছে। এর আগে হায়দরাবাদের নিম্ন আদালত আল্লুকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছিল। গ্রেফতারিকে চ্যালেঞ্জ জানিয়ে এফআইআর খারিজের আবেদন নিয়ে হাই কোর্টের দ্বারস্থ হয়েছিলেন অভিনেতা। তার আবেদন মঞ্জুর হয়েছে।
তেলঙ্গানা হাই কোর্টের বিচারপতি জে শ্রীদেবীর বেঞ্চে আল্লুর মামলাটি শোনা হয়েছে। গত ৪ ডিসেম্বর হায়দরাবাদের সন্ধ্যা থিয়েটারে ‘পুষ্পা ২’-এর প্রিমিয়ারে পদপিষ্ট হয়ে এক মহিলার মৃত্যু হয়েছিল। সেই ঘটনার প্রেক্ষিতে এফআইআর দায়ের করেছিল হায়দরাবাদ পুলিশ।
আল্লুকে শুক্রবার সকালে তার বাড়ি থেকে গ্রেফতার করা হয়। আল্লুসহ মোট সাতজনের বিরুদ্ধে এফআইআর করা হয়েছিল। শুক্রবার অভিনেতার পাশাপাশি আরও দু’জনকে গ্রেফতার করে পুলিশ। তাদের মধ্যে রয়েছেন সন্ধ্যা থিয়েটারের মালিকও। বাকি অভিযুক্তদেরও অন্তর্বর্তী জামিন দিয়েছে হাই কোর্ট।
৪ নভেম্বর ‘পুষ্পা ২’-এর প্রিমিয়ার উপলক্ষ্যে হায়দরাবাদের সন্ধ্যা থিয়েটারে গিয়েছিলেন আল্লু। সেখানে তাকে ঘিরে ভক্তদের উন্মাদনায় পরিস্থিতি হাতের বাইরে চলে গিয়েছিল। হলের মধ্যে দমবন্ধ হয়ে এক মহিলা এবং তার সন্তান পড়ে যান। তাদের পুলিশ উদ্ধার করে হাসপাতালে নিয়ে গিয়েছিল। কিন্তু মহিলার মৃত্যু হয়।







