আন্তর্জাতিক অঙ্গনে পা রাখলেন নাজিফা তুষি

পাঁচ বছর পর নতুন চমক নিয়ে পর্দায় ফিরলেন ‘রেহানা মরিয়ম নূর’খ্যাত নির্মাতা আবদুল্লাহ মোহাম্মাদ সাদ। তার নির্মিত নতুন সিরিজ ‘অ্যানি’ এবার জায়গা করে নিয়েছে আন্তর্জাতিক মঞ্চে।
বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ সিরিজ উৎসব ‘সেরিয়েনক্যাম্প’-এর ‘উইমেন ইন সিরিজ’ বিভাগে বিশ্ব প্রিমিয়ারের জন্য নির্বাচিত হয়েছে এই বাংলাদেশি মিনি সিরিজ। এতে নাম ভূমিকায় অভিনয় করেছেন নাজিফা তুষি।
আগামী ৯ জুন জার্মানির কোলন-এ অনুষ্ঠিত এই উৎসবে সিরিজটির প্রদর্শনী হবে। ‘অ্যানি’র গল্প, চিত্রনাট্য ও পরিচালনা—সবই করেছেন আবদুল্লাহ মোহাম্মাদ সাদ। প্রথমবারের মতো কোনো বাংলাদেশি সিরিজ এই উৎসবে জায়গা পেল।
ডিস্টোপিয়ান প্রেক্ষাপটে নির্মিত সিরিজটির গল্পে দেখা যাবে অ্যানি নামের এক নার্সকে, যিনি ছোট শহরে একা হাতে পাঁচ ভাইবোনকে বড় করার লড়াই চালিয়ে যাচ্ছেন।
এদিকে বাইরের পৃথিবী জড়িয়ে পড়েছে এক অদ্ভুত ‘ঘৃণা মহামারি’-তে, যেখানে সংক্রমিত পুরুষরা নারীদের প্রতি অস্বাভাবিক ঘৃণায় উন্মত্ত হয়ে ওঠে। এর মধ্যেই এক রাতে মুখোশধারী হামলাকারীর শিকার হন অ্যানি। এরপর তার জীবন আমূল বদলে যায়। প্রতিশোধ ও টিকে থাকার লড়াইয়ে তিনি ক্রমে এক অন্ধকার বাস্তবতার মুখোমুখি হন।
নির্মাণশৈলীতে এটি একটি ‘চেম্বার ড্রামা’, যেখানে নারী-পুরুষ সম্পর্কের ভেতরের অবিশ্বাস, অসমতা ও সহিংসতার প্রশ্ন তুলে ধরা হয়েছে।
সিরিজটিতে আরও অভিনয় করেছেন ইয়াশ রোহান, সাইমন সাদিক, সারিকা সাবরিন ও ফারহানা মিঠু।

প্রযোজনা করেছেন এহসানুল হক বাবু ও আলি আফজাল উজ্জ্বল। সহ-প্রযোজক হিসেবে আছেন শিহাব নূরুন নবী, তুহিন তামিজুল, তানভীর হোসেন, জোহান চ্যাপেলান ও সাইফুল ইসলাম। নির্বাহী প্রযোজক অপূর্বা বকশি।
নির্মাতার ভাষ্য, “একটি সিরিজকে আন্তর্জাতিক দর্শকের কাছে পৌঁছে দিতে চলচ্চিত্র উৎসবের বাইরে গিয়ে সরাসরি সিরিজ উৎসবের মাধ্যমেও পৌঁছানো সম্ভব। ‘অ্যানি’র মাধ্যমে আমরা সেই সম্ভাবনার একটি উদাহরণ তৈরি করতে চেয়েছি।”
এর আগে ২০১৬ সালে ‘লাইভ ফ্রম ঢাকা’ দিয়ে নির্মাণে যাত্রা শুরু করেন আবদুল্লাহ মোহাম্মাদ সাদ। এরপর ২০২১ সালে ‘রেহানা মরিয়ম নূর’ দিয়ে আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক সাড়া ফেলেন তিনি। ছবিটি কান চলচ্চিত্র উৎসব-এর ‘আঁ সার্তে রিগা’ বিভাগে নির্বাচিত হয়ে বাংলাদেশের জন্য নতুন ইতিহাস গড়েছিল।
ভিওডি বাংলা/এসআর







