সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা হবে : নজরুল ইসলাম

জ্যেষ্ঠ প্রতিবেদক
বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, আমরা ফ্যাসিবাদের পতন ঘটিয়েছি, কিন্তু গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে পারিনি। এই গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা হবে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে। তার কিছু প্রস্তুতি আছে, তা চলছে। আমরা আশা করব, সেই প্রস্তুতি শেষে জনগণের ক্ষমতা জনগণের কাছে ফিরিয়ে দেওয়া হবে। দেশে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা হবে।
বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে তিনি এমন আশাবাদ ব্যক্ত করেন। কৃষক দলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সংগঠনটির ঢাকা মহানগর দক্ষিণ শাখার উদ্যোগে এই অনুষ্ঠান হয়।
অন্তর্বর্তী সরকার প্রসঙ্গে নজরুল ইসলাম বলেন, এখন যারা ক্ষমতায় আছেন, তারা জোর করে ক্ষমতা গ্রহণ করেননি। আমরা জনগণ তাদের ক্ষমতা দিয়েছি। তারা দেশটাকে সুন্দরভাবে পরিচালনা করবেন। আগের মত বিনাভোটে না, রাতের ভোটে না, ডামি ভোটে না- জনগণের ভোটে একটি সরকার নির্বাচনের ব্যবস্থা করবেন। যারা দায়িত্ব পাবেন, জনগণ ভোট দিবেন- তারা জনগণের জন্য কাজ করবেন।
বিএনপির এই জ্যেষ্ঠ নেতা বলেন, এই দেশটাকে তো নিঃস্ব করে দেওয়া হয়েছে। কদিন আগে দেখেছেন, বিগত সরকার বছরে ১৬ হাজার কোটি ডলার বিদেশে পাচার করে দিয়েছে। আমার দেশের গরিব শ্রমিক, মধ্যপ্রাচ্যের মরুভূমি বা মালয়েশিয়ার জঙ্গলে কাজ করে যে বৈদেশিক মুদ্রা পাঠায়- সেটা জনগণের কল্যাণে না লাগিয়ে বাহিরে পাচার করে দিয়েছে।







