তীব্র শীতে কাপছে কুড়িগ্রামের মানুষ

কুড়িগ্রাম প্রতিনিধি
শীতে স্থবিরতা নেমে এসেছে কুড়িগ্রামের জনজীবনে। দুই সপ্তাহের বেশি সময় ধরে তাপমাত্রা নিম্নগামী থাকায় অনেকটাই ব্যহত হয়ে পড়েছে স্বাভাবিক জীবনযাত্রা। গত ৫ দিন ধরে দিনের বেলায়ও ঠিকমতো সূর্যের দেখা মিলছে না। এতে সবচেয়ে বিপাকে পড়েছে খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষজন।
বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) সকাল ৭ টায় জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৪ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া অফিস জানায়, আকাশে মেঘ থাকায় দিনের বেশির ভাগ সময় সূর্যের দেখা না মেলার সম্ভাবনা রয়েছে।
এদিকে শীতের তীব্রতা বেড়ে যাওয়ায় বিপাকে পড়েছে কৃষি শ্রমিক ও স্বল্প আয়ের খেটে খাওয়া ছিন্নমূল মানুষেরা। তীব্র ঠাণ্ডায় অনেকেই খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টাও করছেন। দিনের বেলা তাপমাত্রা কিছুটা বাড়লেও সন্ধ্যার পর থেকে তাপমাত্রা কমতে থাকে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত তীব্র শীত অনুভূত হয়।
কুড়িগ্রামের রাজারহাট আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার বলেন, ‘গত দুই সপ্তাহ থেকে জেলার সর্বনিম্ন তাপমাত্রা ১২-১৫ ডিগ্রি সেলসিয়াসে উঠানামা করছে। এ মাসের ১৫ তারিখের পর এ জেলার ওপর দিয়ে শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।’
মামুন/ভিওডি বাংলা







