সাইবার অপরাধে জড়িতদের বিরুদ্ধে নতুন ভিসা নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের
সাইবার অপরাধ ও সাইবার-সক্ষম অপরাধে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে নতুন বৈশ্বিক ভিসা নিষেধাজ্ঞা নীতি ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। এ নীতির আওতায় অনলাইন বিনিয়োগ প্রতারণা এবং অন্তরঙ্গ ছবি বা ভিডিও ব্যবহার করে ব্ল্যাকমেইলের মতো অপরাধে জড়িতদেরও লক্ষ্যবস্তু করা হবে।
নতুন নীতি ঘোষণা করে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেন, যেসব ব্যক্তি মার্কিন নাগরিকদের ক্ষতির মুখে ফেলবে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে যুক্তরাষ্ট্র। একই সঙ্গে অপরাধে জড়িত বা সহযোগিতা করা ব্যক্তিদের নিকটাত্মীয়রাও ভিসা নিষেধাজ্ঞার আওতায় আসতে পারেন।
যুক্তরাষ্ট্রের অভিবাসন ও জাতীয়তা আইনের ২১২(এ)(৩)(সি) ধারার আওতায় এ নীতি কার্যকর করা হয়েছে। দেশটির ট্রাম্প প্রশাসনের আন্তর্জাতিক সাইবার অপরাধ চক্র দমনের বৃহত্তর উদ্যোগের অংশ হিসেবে এটি নেওয়া হয়েছে।
এক বিবৃতিতে মার্কো রুবিও বলেন, নতুন এই নীতির লক্ষ্য হলো সাইবার অপরাধ, সাইবার-সক্ষম অপরাধ এবং এসব কর্মকাণ্ডে সহায়তাকারী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া। এর মধ্যে সাইবার প্রতারণা ও সেক্সটরশনের মতো অপরাধও রয়েছে।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এই নীতির মাধ্যমে শুধু অভিবাসন আইন লঙ্ঘনের ক্ষেত্রেই নয়, সাইবার অপরাধ প্রতিরোধেও ভিসা নিষেধাজ্ঞাকে একটি কার্যকর হাতিয়ার হিসেবে ব্যবহার করা হবে।
এর আগে রাজনৈতিক সহিংসতায় সমর্থন, যুক্তরাষ্ট্রের প্রতিপক্ষকে সহায়তা, মাদক কার্টেল বা সংঘবদ্ধ অপরাধ চক্রের সঙ্গে সম্পৃক্ততা এবং আঞ্চলিক স্থিতিশীলতা নষ্টের অভিযোগে কয়েকজনের বিরুদ্ধে একই ধরনের ভিসা নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। এসব ক্ষেত্রেও অভিযুক্ত ব্যক্তিদের পরিবারের সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুযোগ রাখা হয়েছে।
ভিওডি বাংলা/আ









মন্তব্য