বঙ্গোপসাগরে ট্রলারডুবি, প্রাণে বাঁচলেন ১৬ জেলে

বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে প্রচণ্ড ঢেউয়ের আঘাতে একটি মাছ ধরার ট্রলারের তলা ফেটে ডুবে গেছে। তবে আশপাশে থাকা অন্য ট্রলারের জেলেদের তাৎক্ষণিক সহায়তায় ট্রলারটিতে থাকা ১৬ জেলেকে জীবিত উদ্ধার করা হয়েছে।
শুক্রবার (১০ জুলাই) সকালে বঙ্গোপসাগরের হাইর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ডুবে যাওয়া ট্রলারটি পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার কোড়ালিয়া গ্রামের মিঠন হাওলাদারের মালিকানাধীন। বিকেল সাড়ে ৩টার দিকে বিষয়টি নিশ্চিত করেন ট্রলার মালিকের বাবা বাবুল হাওলাদার এবং কোড়ালিয়া মৎস্যজীবী সমিতির সভাপতি জহির হাওলাদার।
প্রত্যক্ষদর্শী জেলেরা জানান, মাছ ধরার সময় হঠাৎ সাগরে প্রচণ্ড ঢেউয়ের সৃষ্টি হলে ট্রলারটির তলা ফেটে পানি ঢুকতে শুরু করে। পরিস্থিতির অবনতি বুঝতে পেরে জেলেরা ট্রলারটি পাশের অন্যান্য ট্রলারের কাছে নেওয়ার চেষ্টা করেন। সংকেত পেয়ে আশপাশের ট্রলারগুলো দ্রুত এগিয়ে এসে ট্রলারে থাকা ১৬ জেলেকে নিরাপদে উদ্ধার করে। কিছুক্ষণ পর ট্রলারটি পানিতে ডুবে যায়।
দুর্ঘটনায় ট্রলারে থাকা মাছ ধরার জাল, বরফ, জ্বালানি, খাদ্যসামগ্রীসহ বিভিন্ন সরঞ্জামের বড় একটি অংশ সাগরে ভেসে যায়।
ট্রলার মালিকের বাবা বাবুল হাওলাদার জানান, ট্রলারে থাকা সবাইকে জীবিত উদ্ধার করা হয়েছে। পরে তিনটি ট্রলারের সহায়তায় ডুবে যাওয়া ট্রলারটি দড়ি দিয়ে বেঁধে কোড়ালিয়া ঘাটে নিয়ে আসা হচ্ছে।
কোড়ালিয়া মৎস্যজীবী সমিতির সভাপতি জহির হাওলাদার বলেন, এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ডুবে যাওয়া ট্রলারটি উদ্ধার করে তুফানিয়া এলাকা হয়ে ঘাটে আনা হচ্ছে।
রাঙ্গাবালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম উদ্দিন বলেন, ঘটনার বিষয়ে পুলিশ অবগত রয়েছে। বিষয়টি নিয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে এবং প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করা হচ্ছে।
ভিওডি বাংলা/আ








মন্তব্য