নিকলী হাওরে গোসল করতে নেমে পর্যটক নিখোঁজ

কিশোরগঞ্জের নিকলী হাওরে বন্ধুদের সঙ্গে গোসল করতে নেমে শফিকুল ইসলাম তুলু (২৮) নামে এক পর্যটক নিখোঁজ হয়েছেন। শুক্রবার (১০ জুলাই) দুপুর পৌনে ২টা থেকে ২টার মধ্যে উপজেলার দামপাড়া ইউনিয়নের কাঁঠালকান্দি এলাকায় এ ঘটনা ঘটে।
নিখোঁজ শফিকুল ইসলাম তুলু গাজীপুরের কাপাসিয়া উপজেলার কান্দানিয়া গ্রামের হাবিবুর রহমানের ছেলে।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, বন্ধুদের একটি দলের সঙ্গে নিকলী হাওরে বেড়াতে আসেন তুলু। একপর্যায়ে কাঁঠালকান্দি এলাকায় গোসল করতে নেমে হাওরের পানিতে লাফ দেন। এ সময় তীব্র স্রোতের টানে তিনি মুহূর্তেই পানির নিচে তলিয়ে যান। সঙ্গে থাকা বন্ধুরা ও স্থানীয়রা তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধারের চেষ্টা চালালেও প্রবল স্রোতের কারণে তা সম্ভব হয়নি।
খবর পেয়ে নিকলী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সদস্যরা উদ্ধার অভিযান শুরু করেন। তবে কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের ডুবুরি দল অন্য একটি উদ্ধারকাজে ব্যস্ত থাকায় ভৈরব ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের ডুবুরি দলকে ঘটনাস্থলে পাঠানো হয়। পরে তারা বিকেল থেকে আশপাশের হাওর এলাকায় ব্যাপক তল্লাশি চালায়।
তবে শুক্রবার সন্ধ্যা পৌনে ৮টা পর্যন্ত নিখোঁজ পর্যটকের কোনো সন্ধান পাওয়া যায়নি। আলো স্বল্পতার কারণে প্রথম দিনের উদ্ধার অভিযান স্থগিত করা হয়। ফায়ার সার্ভিস জানিয়েছে, শনিবার (১১ জুলাই) সকাল ৭টা থেকে পুনরায় উদ্ধার অভিযান শুরু হবে।
নিকলী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. শহীদ উল্লাহ বলেন, গাজীপুর থেকে ঘুরতে আসা এক পর্যটক হাওরের পানিতে নিখোঁজ হয়েছেন। খবর পাওয়ার পর ভৈরব ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার অভিযান চালিয়েছে। তবে রাত হয়ে যাওয়ায় এবং দৃশ্যমানতা কমে আসায় অভিযান সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। শনিবার সকাল থেকে আবারও উদ্ধার কার্যক্রম শুরু হবে।
ভিওডি বাংলা/আ








মন্তব্য