• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
ডা. পাভেলকে দেখতে গেলেন প্রধানমন্ত্রীর সহকারী ব্যক্তিগত চিকিৎসক আদালতের নির্দেশনা, শেখ হাসিনার বক্তব্য প্রচার না করার আহ্বান মিটফোর্ডে সোহাগ হত্যা: এক বছরেও শুরু হয়নি বিচার পরিবারের অভাব ঘোঁচাতে গিয়েছিলেন সৌদি, ফিরলেন লাশ হয়ে বন্যা পরিস্থিতি মোকাবিলায় প্রশাসন ও নেতাকর্মীদের প্রধানমন্ত্রীর নির্দেশনা স্পেনে ভয়াবহ দাবানলে নিহত ১২, নিখোঁজ ২৩ জুলাইয়ের আগেও ভোট চুরি হয়েছিল, পরেও হয়েছে: হাসনাত ভোমরা স্থলবন্দরে ডায়মন্ডের নাকফুলসহ আটক ২ চট্টগ্রাম অঞ্চলের উদ্ধার ও ত্রাণ কার্যক্রম সমন্বয় করবেন প্রতিমন্ত্রী অমিত ভারী বর্ষণে বান্দরবানে পর্যটনে নিষেধাজ্ঞা আরও বাড়ল

সম্প্রীতি নষ্টের সুযোগ দেওয়া যাবে না: শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী

সিলেট প্রতিনিধি    ১১ জুলাই ২০২৬, ০১:৫৫ এ.এম.
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

সিলেটকে বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির অন্যতম উজ্জ্বল দৃষ্টান্ত উল্লেখ করে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, দেশের উন্নয়নের জন্য ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। একই সঙ্গে তিনি সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের যেকোনো অপচেষ্টা প্রতিহত করার আহ্বান জানান।

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, ‘দেশ আমাদের সবার। আমরা সবাই বাংলাদেশি। হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে দেশকে এগিয়ে নিতে হবে। সম্প্রীতির পরিবেশ আমাদের ধরে রাখতে হবে।’

শুক্রবার (১০ জুলাই) দুপুরে সিলেট নগরের মেন্দিবাগে জালালাবাদ গ্যাস অডিটোরিয়ামে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সিলেট জেলার দ্বি বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ধর্মীয় সম্প্রীতি অটুট রাখার আহ্বান জানিয়ে মন্ত্রী আরও বলেন, ‘আমাদের সবাইকে সজাগ থাকতে হবে। কোনোভাবেই সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের সুযোগ দেওয়া যাবে না। দল-মতের ঊর্ধ্বে উঠে ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে হবে।’

নিজের কর্মপরিবেশের উদাহরণ টেনে তিনি বলেন, ‘আমার মন্ত্রণালয় ও ব্যক্তিগত দপ্তরে বিভিন্ন ধর্মের মানুষ দায়িত্ব পালন করছেন। যোগ্যতার ভিত্তিতেই সবাইকে রাষ্ট্র পরিচালনায় কাজ করার সুযোগ দিতে হবে।’

সিলেট সিটি করপোরেশনের মেয়র হিসেবে দায়িত্ব পালনের সময়ের স্মৃতিচারণ করে আরিফুল হক চৌধুরী বলেন, ‘সিলেট সিটি করপোরেশন নির্বাচনে সনাতন ধর্মাবলম্বীদের সমর্থন আমি কখনো ভুলব না। বিশেষ করে নারী ভোটারদের অংশগ্রহণ সিলেটের সম্প্রীতির অনন্য উদাহরণ হয়ে থাকবে।’

তিনি বলেন, হজরত শাহজালাল (রহ.), শাহপরান (রহ.) ও শ্রীচৈতন্যের স্মৃতিবিজড়িত এই পুণ্যভূমিতে এসে তিনি আনন্দিত। পূজা উদযাপন পরিষদের সম্মেলনে অংশ নিতেই তার সিলেটে আসা।

সম্মেলনে উত্থাপিত বিভিন্ন দাবি প্রসঙ্গে মন্ত্রী বলেন, ‘প্রশাসনে প্রতিনিধিত্ব, সুনামগঞ্জের সাম্প্রতিক ঘটনাসহ যেসব বিষয় উত্থাপিত হয়েছে, সেগুলো প্রধানমন্ত্রীর দৃষ্টিগোচর করব। প্রয়োজন হলে স্বরাষ্ট্র ও শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গেও আলোচনা করা হবে।’

তিনি আরও বলেন, ‘সম্মেলনে আসার আগে প্রধানমন্ত্রীর সঙ্গে আমার কথা হয়েছে। তিনি উপস্থিত সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।’

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আরিফুল হক চৌধুরী বলেন, ‘সরকার দায়িত্ব নেওয়ার মাত্র চার মাস হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক করতে কিছুটা সময় প্রয়োজন। একইসঙ্গে আন্তর্জাতিক পরিস্থিতি, বিশেষ করে ইরান যুদ্ধের প্রভাবও আমাদের মোকাবিলা করতে হচ্ছে।’

নিজের নির্বাচনী এলাকার উন্নয়ন কর্মকাণ্ডের কথা তুলে ধরে মন্ত্রী বলেন, ‘আমার নির্বাচনী এলাকায় আটটি মন্দির ও চারটি শ্মশানঘাটের সংস্কারকাজ চলছে। আশা করছি, আগামী সেপ্টেম্বরের মধ্যে এসব কাজ শেষ হবে। পাশাপাশি জয়ন্তিয়া রাজবাড়িকে জাদুঘরে রূপান্তরের উদ্যোগও নেওয়া হয়েছে।’

প্রশাসনে বৈষম্যের বিষয়েও বক্তব্য দেন তিনি। এ সময় বলেন, ‘ভিসি, প্রো-ভিসি নিয়োগ কিংবা প্রশাসনের গুরুত্বপূর্ণ পদে সিলেটসহ দেশের মানুষের প্রতি যে কৃপণতা দেখা যাচ্ছে তা থেকে বেরিয়ে আসতে হবে। যোগ্যদের প্রাপ্য জায়গা নিশ্চিত করতে হবে। এই বৈষম্য চলতে দেওয়া হবে না।’

সম্মেলনে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের উপদেষ্টা জয়ন্ত সেন দীপু, সহ সভাপতি ড. চন্দ্রনাথ পোদ্দার, সহ সভাপতি মৃত্যুঞ্জয় ধর ভোলা এবং সাংগঠনিক সম্পাদক প্রাণতোষ আচার্য্য শিবু।

এছাড়া বক্তব্য দেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও মদনমোহন কলেজ বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান রজত ভট্টাচার্য, সিলেট মহানগর পূজা উদযাপন পরিষদের সভাপতি সুব্রত দেব, সাধারণ সম্পাদক চন্দন দাস, মৌলভীবাজার পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক মুহিম দে, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ সিলেট জেলার সভাপতি অ্যাডভোকেট বিজয় কৃষ্ণ বিশ্বাস, সিলেট মহানগরের সাধারণ সম্পাদক প্রদীপ কুমার দেব, সিলেট জেলার সাধারণ সম্পাদক কৃপেশ পাল, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মলনিয় পুরকায়স্থ এবং মৌলভীবাজার জেলার সাধারণ সম্পাদক নকুল চন্দ্র দাস।

অনুষ্ঠানে পূজা উদযাপন পরিষদ সিলেট জেলার প্রয়াত নেতাদের স্মরণে শোক প্রস্তাব পাঠ করেন সংগঠনের প্রচার সম্পাদক রজত কান্তি চক্রবর্তী। পরে অতিথিরা *‘স্বাধিকার’* শীর্ষক একটি বইয়ের মোড়ক উন্মোচন করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বইটির সম্পাদনা পরিষদের সদস্য সচিব দীপক কুমার দাস।

এর আগে সকাল ১১টায় জাতীয় পতাকা ও বেলুন উড়িয়ে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সিলেট জেলার দ্বি বার্ষিক সম্মেলনের উদ্বোধন করেন সংগঠনের সভাপতি বাসুদেব ধর। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সন্তোষ শর্মাসহ অন্যান্য অতিথিরা।

ভিওডি বাংলা/এম/আ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: ভিওডি বাংলা
জুলাইয়ের আগেও ভোট চুরি হয়েছিল, পরেও হয়েছে: হাসনাত
ছবি: সংগৃহীত
ভোমরা স্থলবন্দরে ডায়মন্ডের নাকফুলসহ আটক ২
ফাইল ছবি
ভারী বর্ষণে বান্দরবানে পর্যটনে নিষেধাজ্ঞা আরও বাড়ল