রাজনীতি জনগণের ভাগ্য বদলের মাধ্যম: তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, রাজনীতি কেবল ক্ষমতা ভোগের বিষয় নয়, বরং জনগণের ভাগ্য পরিবর্তনের একটি কার্যকর মাধ্যম। রাজনৈতিক দলগুলোকে তাদের কর্মকাণ্ডের মাধ্যমে সেই অঙ্গীকারের প্রমাণ দিতে হবে।
শুক্রবার (১০ জুলাই) শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে বরিশাল বিশ্ববিদ্যালয়ে আয়োজিত মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জিয়াউর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত আলোচনা সভা শেষে মন্ত্রী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে একটি গাছের চারা রোপণ করেন।
জহির উদ্দিন স্বপন বলেন, সরকারের পাশাপাশি সামাজিক সংগঠনগুলোকেও জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখতে হবে। রাজনৈতিক দল ক্ষমতায় থাকুক বা ক্ষমতায় যাওয়ার প্রত্যাশী হোক—তাদের কর্মকাণ্ডে জনগণের কল্যাণের প্রতিফলন থাকতে হবে। তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান সেই দৃষ্টান্ত স্থাপন করেছেন।
এ সময় জিয়াউর রহমান ফাউন্ডেশনের সামাজিক ও জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান তথ্যমন্ত্রী।
প্রধানমন্ত্রীর সম্ভাব্য বরিশাল সফর সম্পর্কে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এ সফরের মূল উদ্দেশ্য বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেওয়া। পাশাপাশি প্রধানমন্ত্রী দলের গুরুত্বপূর্ণ নেতা এবং দক্ষিণাঞ্চলের জনপ্রতিনিধিদের সঙ্গে এ অঞ্চলের উন্নয়ন নিয়ে মতবিনিময় করবেন।
বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. মামুন অর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার এবং বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
ভিওডি বাংলা/আ








মন্তব্য