তারা আমার সন্তান ফাইয়াজকে মেরে ফেলেছে

আজ ফারহান ফাইয়াজ হত্যার ২ বছর। রাজধানীর ধানমন্ডিতে ২০২৪ সালের ১৮ জুলাই আন্দোলনকারীদের সঙ্গে পুলিশ ও আওয়ামী লীগ নেতাকর্মীদের সংঘর্ষের মধ্যে গুলিবিদ্ধ হয়ে নিহত হন ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের শিক্ষার্থী ফারহান ফাইয়াজ। অপ্রাপ্তবয়স্ক এই শিক্ষার্থীর মৃত্যু সেদিন আন্দোলনে নতুন মাত্রা যোগ করে এবং সামাজিক যোগাযোগমাধ্যমজুড়ে সৃষ্টি হয় ব্যাপক প্রতিক্রিয়া।
ফারহানের মৃত্যুর পর বিকেলে সেন্ট জোসেফ ইন্টারন্যাশনাল স্কুলের শিক্ষক নাজিয়া খান নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি আবেগঘন স্ট্যাটাস দেন। সেখানে তিনি লেখেন, ‘তারা আমার সন্তান ফারহান ফাইয়াজকে মেরে ফেলেছে। তার এখনো ১৮ বছর পূর্ণ হয়নি। আমি এই হত্যার বিচার চাই।’
তিনি আরও উল্লেখ করেন, ফারহানের জন্ম ২০০৬ সালের ১২ সেপ্টেম্বর। একই পোস্টে নাজিয়া খান স্পষ্ট করে বলেন, ফারহান তার জৈবিক সন্তান না হলেও নিজের সন্তানের মতোই স্নেহ করতেন। সবার প্রতি এ হত্যাকাণ্ডের বিচার দাবিতে সোচ্চার হওয়ার আহ্বানও জানান তিনি। স্ট্যাটাসটি দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং ব্যাপক আলোচনার জন্ম দেয়।
ফারহানের মৃত্যুর খবর জানিয়ে শোক প্রকাশ করেন টেন মিনিট স্কুলের প্রধান প্রশিক্ষক ও ইংরেজি শিক্ষক মুনজেরিন শহীদও। নিজের ফেসবুক পোস্টে তিনি লেখেন, ‘আমার ছাত্র ফারহান আর নেই। আমি বিষয়টি বিশ্বাসই করতে পারছি না। কিছুদিন আগে তার সঙ্গে আমি গ্রামার-বিষয়ক একটি ভিডিও তৈরি করেছিলাম।’
প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট সূত্র জানায়, সংঘর্ষের সময় গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন ফারহান। পরে তাকে রাজধানীর সিটি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ভিওডি বাংলা/জা








মন্তব্য