এসএসসির ফল প্রকাশের সম্ভাব্য তারিখ জানাল আন্তঃশিক্ষা বোর্ড

এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের তারিখ এখনো আনুষ্ঠানিকভাবে ঘোষণা হয়নি। তবে আগামী ২০ জুলাইকে লক্ষ্য রেখে ফল প্রস্তুতের কাজ শেষ পর্যায়ে রয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড।
আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান বলেন, সরকারের নির্দেশনা অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যেই ফল প্রকাশের লক্ষ্যে কাজ চলছে।
বোর্ড সূত্রে জানা গেছে, ফল প্রস্তুতের প্রায় সব কাজ শেষ হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী ২০ জুলাইকে লক্ষ্য ধরে প্রয়োজনীয় কার্যক্রম এগিয়ে নেওয়া হচ্ছে।
প্রচলিত নিয়ম অনুযায়ী, লিখিত পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিনের মধ্যেই এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়। এ বছর এসএসসি পরীক্ষা শুরু হয় ২১ এপ্রিল। সাধারণ শিক্ষা বোর্ডগুলোর লিখিত পরীক্ষা শেষ হয় ২০ মে এবং দাখিল ও কারিগরি বোর্ডের লিখিত পরীক্ষা শেষ হয় ২৪ মে।
এ বছর এসএসসি ও সমমান পরীক্ষায় অংশ নিতে মোট ১৮ লাখ ৫৭ হাজার ৩৪৪ জন শিক্ষার্থী নিবন্ধন করেন। এর মধ্যে সাধারণ শিক্ষা বোর্ডে ১৪ লাখ ১৮ হাজার ৩৯৮ জন, মাদরাসা শিক্ষা বোর্ডে ৩ লাখ ৪ হাজার ২৮৬ জন এবং কারিগরি শিক্ষা বোর্ডে ১ লাখ ৩৪ হাজার ৬৬০ জন পরীক্ষার্থী অংশ নেন।
ভিওডি বাংলা/আ








মন্তব্য