• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

বন্যা ব্যবস্থাপনায় রাষ্ট্রের মাস্টার প্ল্যান দাবি ঢাবি শিক্ষার্থীদের

নিজস্ব প্রতিবেদক    ১৬ জুলাই ২০২৬, ০৫:৪৯ পি.এম.
বন্যা ব্যবস্থাপনায় রাষ্ট্রের মাস্টার প্ল্যান দাবি ঢাবি শিক্ষার্থীদের
ছবি: ভিওডি বাংলা

বন্যা মোকাবিলায় প্রতি বছর শুধু ত্রাণ বিতরণকে সমাধান হিসেবে না দেখে দীর্ঘমেয়াদি দুর্যোগ ব্যবস্থাপনা পরিকল্পনা গ্রহণের আহ্বান জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। একই সঙ্গে নিজেদের সংগ্রহ করা ২ লাখ ১৯ হাজার ২২০ টাকা দেশের অন্যতম মানবিক সংস্থা আস-সুন্নাহ ফাউন্ডেশনের মাধ্যমে বন্যার্তদের কাছে পৌঁছে দেওয়ার ঘোষণা দিয়েছেন তারা।

বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকেল ৩টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিন প্রাঙ্গণে এক জরুরি সংবাদ সম্মেলনে এসব কথা বলেন বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ইফতেখার আহমেদ তানভীর।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, দেশের বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন ইতোমধ্যে দুর্গম বন্যাকবলিত এলাকায় ত্রাণ পৌঁছে দিচ্ছে। কিন্তু ভৌগোলিক পরিস্থিতি সম্পর্কে পর্যাপ্ত ধারণা না থাকায় এবং সংগৃহীত অর্থের সর্বোচ্চ স্বচ্ছ ও কার্যকর ব্যবহার নিশ্চিত করতে তারা নিজেরা সরাসরি ত্রাণ বিতরণে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

তিনি জানান, সিনিয়রদের সঙ্গে আলোচনা শেষে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হয়েছে, শিক্ষার্থীদের সংগ্রহ করা ২ লাখ ১৯ হাজার ২২০ টাকার পুরো তহবিল আস-সুন্নাহ ফাউন্ডেশনের মাধ্যমে বন্যাদুর্গত মানুষের সহায়তায় ব্যয় করা হবে। এতে দ্রুত, সুশৃঙ্খল ও জবাবদিহিমূলকভাবে সহায়তা পৌঁছানো সম্ভব হবে বলে তারা বিশ্বাস করেন।

ইফতেখার আহমেদ তানভীর বলেন, প্রতিবছর বন্যা বা ঘূর্ণিঝড়ের সময় সাধারণ মানুষ, শিক্ষার্থী ও স্বেচ্ছাসেবীরা মানবিক দায়িত্ব নিয়ে মাঠে নামেন। কিন্তু বারবার একই চিত্রের পুনরাবৃত্তি প্রশ্নের জন্ম দেয়। "প্রতিবছর বন্যা হবে, আর আমরা ত্রাণ নিয়ে ছুটে যাব—এটাই কি দুর্যোগ ব্যবস্থাপনার চূড়ান্ত সমাধান?"

তিনি অভিযোগ করেন, ত্রাণ সংগ্রহের সময় নানা বিতর্ক ও অবিশ্বাসের মুখে পড়তে হয়েছে। অনেকেই তাদের 'ব্যবসায়ী' বলে অপমান করেছেন, যা নতুন প্রজন্মের স্বেচ্ছাসেবীদের মানসিকভাবে ভেঙে দিয়েছে। এ ধরনের পরিস্থিতি ভবিষ্যতের মানবিক উদ্যোগকে নিরুৎসাহিত করতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন তিনি।

রাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, নদী ড্রেজিং, টেকসই বাঁধ নির্মাণ, কার্যকর পানি নিষ্কাশন ব্যবস্থা এবং আধুনিক আগাম সতর্কীকরণ ব্যবস্থার মতো মৌলিক অবকাঠামো উন্নয়নে আর বিলম্ব করা যাবে না। দুর্যোগপ্রবণ এলাকাগুলো চিহ্নিত করে দীর্ঘমেয়াদি মাস্টার প্ল্যান বাস্তবায়নের দাবি জানান তিনি।

তিনি আরও বলেন, জলবায়ু পরিবর্তনের বৈশ্বিক প্রভাব বাস্তব হলেও অপরিকল্পিত নগরায়ণ, নদী দখল এবং দুর্বল ব্যবস্থাপনার দায় এড়ানোর সুযোগ নেই। জরুরি ত্রাণ সাময়িক স্বস্তি দিলেও এটি কোনো স্থায়ী সমাধান নয়। প্রতিবছর মানুষকে ত্রাণের জন্য হাত পাততে বাধ্য হওয়ার পরিস্থিতি একটি রাষ্ট্রের জন্য লজ্জাজনক বলেও মন্তব্য করেন তিনি।

সংবাদ সম্মেলনের শেষে মানবিক সহায়তায় অর্থদানকারী ব্যক্তি, শিক্ষক, অ্যালামনাই, সিনিয়র এবং শুরু থেকে তথ্য প্রচারে সহযোগিতা করা গণমাধ্যমকর্মীদের প্রতি কৃতজ্ঞতা জানান ইফতেখার আহমেদ তানভীর। ভবিষ্যতেও যেকোনো দুর্যোগে সবাইকে পাশে পাওয়ার আশা প্রকাশ করেন তিনি।

ভিওডি বাংলা/এমআই/এফএ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মাহ্দী আমিন। ছবি: ভিওডি বাংলা
পদার্থবিজ্ঞানের ২ ভুল প্রশ্নে সবাই পাবেন ফুল মার্কস: মাহ্দী আমিন
ছবি: ভিওডি বাংলা
মন্ত্রীর পদত্যাগের দাবি বাদ, ৬ দফা নিয়ে সচিবালয়ে শিক্ষার্থীরা
ফাইল ছবি
এইচএসসি পরীক্ষার্থীদের সুখবর দিলেন শিক্ষামন্ত্রী