• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

তালিকায় নেই ২৩৮ শিক্ষার্থী, পুনর্মূল্যায়নের দাবিতে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক    ১৬ জুলাই ২০২৬, ০১:৪৮ পি.এম.
বৃত্তির ফল পুনর্মূল্যায়নের দাবিতে রাজশাহীতে মানববন্ধনে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবক।- ছবি: সংগৃহীত
বৃত্তির ফল পুনর্মূল্যায়নের দাবিতে রাজশাহীতে মানববন্ধনে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবক।- ছবি: সংগৃহীত

প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশে গুরুতর অসঙ্গতির অভিযোগ তুলে রাজশাহীতে মানববন্ধন ও স্মারকলিপি কর্মসূচি পালন করেছেন শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা। তাদের অভিযোগ, রাজশাহী শহরের একটি পরীক্ষাকেন্দ্রের ২৩৮ শিক্ষার্থীর ফল প্রকাশই হয়নি। এ কারণে তারা ফল পুনর্মূল্যায়ন, নিরপেক্ষ তদন্ত এবং দ্রুত সংশোধিত ফল প্রকাশের দাবি জানিয়েছেন।

বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল ১০টার দিকে বিভাগীয় প্রাথমিক শিক্ষা অফিসের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক বরাবর স্মারকলিপি জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এ কে এম আনোয়ার হোসেনের কাছে জমা দেন আন্দোলনকারীরা।

মানববন্ধনে লিখিত বক্তব্য পাঠ করেন অভিভাবক ড. আজিবর রহমান। তিনি বলেন, সম্প্রতি প্রকাশিত প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল নিয়ে দেশজুড়ে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে প্রশ্ন তৈরি হয়েছে। বিভিন্ন অসঙ্গতির কারণে অনেক মেধাবী শিক্ষার্থী বৃত্তি থেকে বঞ্চিত হয়েছে বলে অভিযোগ উঠেছে। এতে শিক্ষার্থীরা মানসিকভাবে হতাশ হওয়ার পাশাপাশি শিক্ষা ব্যবস্থার স্বচ্ছতা নিয়েও জনমনে সন্দেহ সৃষ্টি হচ্ছে।

তিনি বলেন, বৃত্তি পরীক্ষা কেবল একটি ফলাফল নয়; এটি শিক্ষার্থীদের মেধা ও পরিশ্রমের মূল্যায়নের অন্যতম গুরুত্বপূর্ণ ধাপ। তাই মূল্যায়ন প্রক্রিয়ায় নির্ভুলতা, স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিত করা জরুরি।

মানববন্ধনে অংশ নেওয়া রাজশাহী উপশহর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী মেহেজাবিন বর্ণ জানায়, সে ভালো পরীক্ষা দিয়েছে এবং তার বিশ্বাস, উত্তরপত্র পুনর্মূল্যায়ন করা হলে সে বৃত্তি পাওয়ার যোগ্যতা অর্জন করবে। তাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে খাতা পুনর্মূল্যায়নের দাবি জানায় সে।

কর্মসূচি থেকে সাত দফা দাবি তুলে ধরা হয়। দাবিগুলোর মধ্যে রয়েছে-ফল প্রকাশে ওঠা সব অভিযোগের নিরপেক্ষ তদন্ত, প্রয়োজন হলে উত্তরপত্র পুনর্মূল্যায়ন করে সংশোধিত ফল প্রকাশ, কারিগরি বা প্রশাসনিক ত্রুটিতে ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের ন্যায্য অধিকার নিশ্চিত করা, ভবিষ্যতে আরও স্বচ্ছ ও নির্ভুল ফল প্রস্তুত প্রক্রিয়া চালু করা, তদন্ত ও গৃহীত পদক্ষেপ সম্পর্কে শিক্ষক ও অভিভাবকদের অবহিত করা, দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয়, আইনগত ব্যবস্থা নেওয়া, আগামী পাঁচ কর্মদিবসের মধ্যে সংশোধিত ফল প্রকাশ ওএকটি কেন্দ্রের কোনো শিক্ষার্থীর নাম নেই।

অভিভাবকদের ভাষ্য, রাজশাহী উপশহর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ১১টি বিদ্যালয়ের শিক্ষার্থীরা পরীক্ষা দেয়। কিন্তু প্রকাশিত ফলাফলে ওই কেন্দ্রের ২৩৮ পরীক্ষার্থীর কারও ফল প্রকাশ হয়নি। একই সঙ্গে বৃত্তিপ্রাপ্তদের তালিকায়ও ওই কেন্দ্রের একজন শিক্ষার্থীর নাম নেই। তাদের দাবি, এমন ঘটনা স্বাভাবিক হতে পারে না; ফল প্রস্তুতের সময় বড় ধরনের কারিগরি বা প্রশাসনিক ত্রুটি ঘটেছে।

উপশহর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিনুর রহমান বলেন, একটি কেন্দ্র থেকে একজন শিক্ষার্থীও বৃত্তি না পাওয়া অত্যন্ত অস্বাভাবিক ঘটনা। বিষয়টি সুষ্ঠুভাবে তদন্ত করে প্রকৃত কারণ বের করা প্রয়োজন।

একই বিদ্যালয়ের সহকারী শিক্ষক ফারহানা খাতুন বলেন, এবার তাদের বিদ্যালয়ের শিক্ষার্থীদের ফল ভালো হওয়ার কথা ছিল। অথচ একজনও বৃত্তি না পাওয়ায় শিক্ষক ও অভিভাবকদের মধ্যে বিস্ময় ও উদ্বেগ তৈরি হয়েছে। তার মতে, বিষয়টির পেছনে বড় ধরনের কোনো ত্রুটি রয়েছে।

জেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, রাজশাহীতে বৃত্তি পরীক্ষায় নিবন্ধন করেছিল ১৩ হাজার ১৫ জন শিক্ষার্থী। এর মধ্যে পরীক্ষায় অংশ নেয় ১০ হাজার ৮৩ জন। প্রকাশিত ফল অনুযায়ী বৃত্তি পেয়েছে ১ হাজার ৯০৯ জন। তবে একটি কেন্দ্রের ২৩৮ শিক্ষার্থীর ফল প্রকাশ না হওয়ায় নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে।

জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এ কে এম আনোয়ার হোসেন বলেন, এ বিষয়ে অভিভাবকদের কাছ থেকে লিখিত আবেদন গ্রহণ করা হচ্ছে। আবেদনগুলো প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে পাঠানো হবে।

তিনি আরও বলেন, এত সংখ্যক উত্তরপত্র হারিয়ে যাওয়ার সম্ভাবনা খুবই কম। এবার প্রথমবারের মতো ওএমআর (OMR) পদ্ধতিতে মূল্যায়ন করা হয়েছে। ফলে ফল প্রস্তুতের সময় কারিগরি ত্রুটি হয়ে থাকতে পারে। বিষয়টি গুরুত্বের সঙ্গে যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

ভিওডি বাংলা/জা
 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: ভিওডি বাংলা
দোয়েল চত্বর পেরিয়ে সচিবালয়ের দিকে শিক্ষার্থীদের লংমার্চ
এইচএসসি পরীক্ষা
বুধবারের এইচএসসি পরীক্ষা নিয়ে যা জানা গেল
জাবি দেশের প্রথম ‘ছাত্রলীগমুক্ত’ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস: উপাচার্য
জাবি দেশের প্রথম ‘ছাত্রলীগমুক্ত’ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস: উপাচার্য