‘ককরোচ’ বিতর্কে ব্যাখ্যা দিলেন ভারতের প্রধান বিচারপতি
ভারতের প্রধান বিচারপতি সূর্য কান্ত ‘ককরোচ’ মন্তব্যকে ঘিরে সৃষ্টি হওয়া বিতর্কের বিষয়ে আনুষ্ঠানিক ব্যাখ্যা দিয়েছেন। তিনি বলেছেন, আদালতে দেওয়া ওই মন্তব্য দেশের তরুণদের উদ্দেশে ছিল না; বরং জাল আইন ডিগ্রি ব্যবহার করে পেশায় প্রবেশ করা ব্যক্তিদের সমালোচনা করতেই তিনি এমন মন্তব্য করেছিলেন।
শুক্রবার (২৪ জুলাই) দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস-কে দেওয়া এক সাক্ষাৎকারে প্রধান বিচারপতি বলেন, দেশের যুবসমাজের প্রতি তার গভীর শ্রদ্ধা রয়েছে। তাদের অপমান বা হেয় করার কোনো উদ্দেশ্য তার ছিল না।
সূর্য কান্ত জানান, অতীতে বার কাউন্সিল অব ইন্ডিয়া ভুয়া আইন ডিগ্রির বিষয়টি প্রকাশ্যে এনেছিল। সেই প্রেক্ষাপটেই আদালতে আলোচনার সময় তিনি মন্তব্য করেছিলেন। তার ভাষ্য, জাল সনদ ব্যবহার করে যারা আইন পেশায় প্রবেশ করছে, তারা বিচারব্যবস্থা ও আইন পেশার মর্যাদা ক্ষুণ্ন করছে।
তিনি বলেন, আদালতের মন্তব্যকে ভিন্নভাবে ব্যাখ্যা করায় প্রকৃত বিষয়টি আড়ালে চলে গেছে। তার বক্তব্যের লক্ষ্য ছিল কেবল অনিয়মের মাধ্যমে পেশায় ঢুকে পড়া ব্যক্তিরা, দেশের সাধারণ তরুণরা নন।
প্রধান বিচারপতি বলেন, বিভিন্ন রাজ্যে সফরে গেলে অসংখ্য তরুণ তার সঙ্গে দেখা করেন। তাদের উদ্যম ও অংশগ্রহণ তাকে অনুপ্রাণিত করে।
তিনি আরও বলেন, তরুণদের কোনো ন্যায়সংগত দাবি বা অভিযোগ থাকলে তারা আইনের আশ্রয় নিতে পারেন। সংবিধান ও প্রচলিত আইন অনুযায়ী তাদের অধিকার রক্ষায় ভারতের সুপ্রিম কোর্ট সবসময় প্রস্তুত।
গত ১৫ মে একটি মামলার শুনানিতে প্রধান বিচারপতির ‘ককরোচ’ মন্তব্য প্রকাশ্যে আসার পর তা নিয়ে ব্যাপক বিতর্ক শুরু হয়। অনেকেই মনে করেন, তিনি দেশের বেকার যুবকদের সঙ্গে ককরোচের তুলনা করেছেন। এ ঘটনার প্রতিবাদে বিভিন্ন স্থানে বিক্ষোভ হয় এবং ‘কাকরোচ জনতা পার্টি (সিজিপি)’ নামে একটি সংগঠনও আত্মপ্রকাশ করে।
তবে ঘটনার পরদিনই প্রধান বিচারপতি লিখিত ব্যাখ্যায় জানান, তার বক্তব্যের ভুল ব্যাখ্যা দেওয়া হয়েছে। তিনি বলেন, আদালতে নির্দিষ্ট একটি মামলার আলোচনার অংশবিশেষ প্রসঙ্গ বিচ্ছিন্নভাবে উপস্থাপন করায় বিভ্রান্তি তৈরি হয়েছে।
সংশোধনী বিবৃতিতে তিনি দুঃখ প্রকাশ করে বলেন, একটি মামলার শুনানিতে দেওয়া মন্তব্যকে প্রকৃত প্রেক্ষাপট ছাড়া প্রচার করায় জনমনে ভুল ধারণার সৃষ্টি হয়েছে। তার দাবি, শুরু থেকেই তিনি ভুয়া ডিগ্রিধারী ব্যক্তিদের কথাই বোঝাতে চেয়েছিলেন, দেশের যুবসমাজকে নয়।
ভিওডি বাংলা/জা









মন্তব্য