উগান্ডায় শীর্ষ দুই গণমাধ্যম বন্ধের নির্দেশ সেনাপ্রধানের

উগান্ডার সবচেয়ে প্রভাবশালী দুটি গণমাধ্যম ডেইলি মনিটর ও এনটিভি উগান্ডা বন্ধের নির্দেশ দিয়েছেন দেশটির সেনাপ্রধান মুহুজি কেইনেরুগাবা।
রোববার (২৮ জুন) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া একাধিক পোস্টে সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে তার পূর্বানুমতি ছাড়া এই দুটি গণমাধ্যম পুনরায় কার্যক্রম শুরু করতে পারবে না।
উগান্ডার বর্তমান প্রেসিডেন্ট ইয়োওয়েরি মুসেভেনির ছেলে এবং সেনাপ্রধান মুহুজি কেইনেরুগাবা বলেন, তিনি দেশের স্বাধীন গণমাধ্যমের ধারণায় বিশ্বাসী নন। তার ভাষ্য, উগান্ডার গণমাধ্যমগুলো এখন থেকে সেনাবাহিনীর নির্দেশনা ও নির্ধারিত নীতিমালা অনুসরণ করে সংবাদ প্রকাশ করবে।
তিনি অভিযোগ করেন, কিছু গণমাধ্যম উগান্ডা সম্পর্কে নেতিবাচক প্রতিবেদন প্রচার করছে এবং ভবিষ্যতে এমন কোনো সংবাদ প্রকাশের আগে তা সেনাদপ্তর থেকে যাচাই করতে হবে। তবে কেন ডেইলি মনিটর ও এনটিভি উগান্ডাকে বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে, সে বিষয়ে কোনো নির্দিষ্ট কারণ উল্লেখ করেননি সেনাপ্রধান।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম সিএনএন, আল জাজিরা ও রয়টার্সের তথ্যমতে, ডেইলি মনিটর উগান্ডার বৃহত্তম স্বাধীন দৈনিক পত্রিকা এবং এনটিভি উগান্ডা দেশটির অন্যতম শীর্ষ বেসরকারি টেলিভিশন চ্যানেল। দুটি গণমাধ্যমই কেনিয়াভিত্তিক ন্যাশনাল মিডিয়া গ্রুপ (এনএমজি)-এর মালিকানাধীন। প্রতিষ্ঠানটির সদরদপ্তর নাইরোবিতে এবং এটি দেশটির পুঁজিবাজারে তালিকাভুক্ত।
ডেইলি মনিটর কর্তৃপক্ষ জানিয়েছে, রাজধানী কাম্পালার নামুওয়াঙ্গো ও সেরেনা হোটেল সংলগ্ন এনএমজির কার্যালয়ে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। নিরাপত্তা বেষ্টনীর কারণে কাউকে অফিসে প্রবেশ বা সেখান থেকে বের হতে দেওয়া হচ্ছে না। একই সঙ্গে এনটিভি উগান্ডা, স্পার্ক টিভি এবং এনএমজির অধীনস্থ কয়েকটি রেডিও স্টেশনের সম্প্রচারও বন্ধ হয়ে গেছে।
ভিওডি বাংলা/জা








মন্তব্য