টেলিভিশনের চলন্ত মাইক্রোবাসে আগুন, অল্পের জন্য রক্ষা ৩ জন

ঢাকার সাভারে চলন্ত অবস্থায় আগুনে পুড়ে গেছে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সংবাদ সংগ্রহে ব্যবহৃত একটি মাইক্রোবাস। তবে আগুন ছড়িয়ে পড়ার আগেই চালক, একজন প্রতিবেদক ও একজন চিত্রগ্রাহক দ্রুত গাড়ি থেকে নেমে যাওয়ায় কেউ হতাহত হননি।
বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুরে ঢাকা-আরিচা মহাসড়কের বলিয়ারপুর এলাকার মধুমতি মডেল টাউনের সামনে এ ঘটনা ঘটে।
মাইক্রোবাসটির চালক রনি হোসেন জানান, তিনি একজন প্রতিবেদক ও একজন চিত্রগ্রাহককে নিয়ে সংবাদ সংগ্রহের উদ্দেশ্যে ধামরাইয়ের দিকে যাচ্ছিলেন। পথে মধুমতি মডেল টাউন এলাকায় পৌঁছালে গাড়ির গ্যাস লাইনে লিকেজ রয়েছে বলে তার সন্দেহ হয়। গাড়ি থামানোর চেষ্টা করার মুহূর্তেই হঠাৎ সামনের অংশে আগুন ধরে যায়।
তিনি বলেন, অল্প সময়ের মধ্যেই আগুন পুরো গাড়িতে ছড়িয়ে পড়ে। পরে গাড়িতে থাকা তিনজন দ্রুত নেমে নিরাপদ স্থানে আশ্রয় নেন এবং ফায়ার সার্ভিসে খবর দেন। তবে দমকলকর্মীরা পৌঁছানোর আগেই আগুনে মাইক্রোবাসটি সম্পূর্ণ পুড়ে যায়।
সাভার ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার মিল্টন হোসেন জানান, দুপুর ১টার দিকে চলন্ত একটি মাইক্রোবাসে আগুন লাগার খবর পেয়ে একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে আগুনে গাড়িটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়।
ফায়ার সার্ভিসের প্রাথমিক ধারণা, গ্যাস লাইনের লিকেজ থেকেই আগুনের সূত্রপাত হতে পারে। তবে আগুনের প্রকৃত কারণ অনুসন্ধান করা হচ্ছে।
ভিওডি বাংলা/আ








মন্তব্য