• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

বনভোজন শেষে ফেরার পথে নৌকায় বিদ্যুৎস্পৃষ্টে নিহত ২

টাঙ্গাইল প্রতিনিধি    ১৭ জুলাই ২০২৬, ০৬:৪৪ এ.এম.
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

টাঙ্গাইলের মির্জাপুরে বনভোজন শেষে নৌকায় করে ফেরার পথে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও চারজন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৬ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার ফতেপুর ইউনিয়নের চাকলেশ্বর এলাকার একটি বিলে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন রংপুরের সাজ্জাত হোসেন এবং শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার খুজাউরা গ্রামের জিকুল মিয়া। সাজ্জাত মৌসুমি ভিত্তিতে ইটভাটায় কাজ করতেন এবং বর্তমানে বাসশ্রমিক হিসেবে কর্মরত ছিলেন। জিকুল মিয়া একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন। তারা দুজনই গাজীপুরের জয়দেবপুর থানার ভাওয়াল মির্জাপুর এলাকায় ভাড়া বাসায় থাকতেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভাওয়াল মির্জাপুর এলাকার বিভিন্ন পেশার ২৮ থেকে ৩০ জন একটি নৌকায় করে মির্জাপুর উপজেলার মহেড়া জমিদারবাড়ি এলাকায় বনভোজনে এসেছিলেন। মাগরিবের নামাজের পর তারা ফতেপুর স্কুলঘাট থেকে নৌকায় করে ফেরার উদ্দেশ্যে রওনা দেন।

পরে থলপাড়া সেতু অতিক্রম করার পর নৌকাটি নির্ধারিত পথ থেকে সরে চাকলেশ্বর এলাকার একটি বিলে ঢুকে পড়ে। এ সময় বিলের ওপর দিয়ে যাওয়া বিদ্যুতের তারের সংস্পর্শে এলে নৌকার সামনে থাকা কয়েকজন বিদ্যুৎস্পৃষ্ট হন।

আহতদের উদ্ধার করে মির্জাপুর কুমুদিনী হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক সাজ্জাত হোসেন ও জিকুল মিয়াকে মৃত ঘোষণা করেন। আহত রবিন মিয়া, লিপটন মিয়া, রানা আহমেদ ও মেহেদী হাসান হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

নৌকায় থাকা ইয়াছিন, সিয়াম ও আলম জানান, নৌকায় গান বাজছিল। ফতেপুর স্কুলঘাট ছাড়ার প্রায় আধাঘণ্টা পর হঠাৎ বিদ্যুতের ঝলকানি দেখা যায়। পরে সহযাত্রীদের চিৎকার শুনে তারা দুর্ঘটনার বিষয়টি জানতে পারেন।

মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহ দুটি সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। আহতদের চিকিৎসা অব্যাহত রয়েছে।

ভিওডি বাংলা/আ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
খালে গোসলে নেমে ৪ মাদরাসা শিক্ষার্থীর মৃত্যু
সাদিকুল। ছবি: ভিওডি বাংলা
৯৯৯-এ ফোন, জাল পাসপোর্টসহ গ্রেপ্তার ১
ছবি: সংগৃহীত
গাজীপুরে বহুতল ভবনে আগুন