তিন ঘণ্টায় ময়মনসিংহে ফের ট্রেন লাইনচ্যুত

মাত্র তিন ঘণ্টার ব্যবধানে ময়মনসিংহে আবারও ট্রেন লাইনচ্যুতির ঘটনা ঘটেছে। এবার জামালপুর থেকে চট্টগ্রামগামী বিজয় এক্সপ্রেসের একটি বগির দুটি চাকা লাইনচ্যুত হওয়ায় ময়মনসিংহ-জামালপুর রুটে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে গেছে।
বৃহস্পতিবার (১৬ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে নগরীর নতুন বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আকতার হোসেন জানান, বগিটি লাইনচ্যুত হওয়ার কারণে ময়মনসিংহ থেকে জামালপুরগামী রেলপথে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। লাইনচ্যুত বগি উদ্ধার করে রেল চলাচল স্বাভাবিক করতে উদ্ধারকাজ চলছে।
এর আগে একই দিন সন্ধ্যা সোয়া ৬টার দিকে শ্যামগঞ্জ রেলওয়ে স্টেশনে প্রবেশের আগে একটি ট্রেনের গ্যাংকারের একটি চাকা লাইনচ্যুত হয়। ওই ঘটনায় মোহনগঞ্জ এক্সপ্রেস গৌরীপুর স্টেশনে এবং জারিয়া লোকাল ট্রেন শম্ভূগঞ্জ স্টেশনে আটকা পড়ে।
পরে উদ্ধারকাজ শেষে রাত পৌনে ৮টার দিকে ওই রুটে ট্রেন চলাচল স্বাভাবিক করা হলেও প্রায় তিন ঘণ্টা পর আবারও বিজয় এক্সপ্রেসের বগি লাইনচ্যুত হওয়ায় একই পথে রেল চলাচল ব্যাহত হয়।
ভিওডি বাংলা/আ








মন্তব্য