থ্রি ইডিয়টসের র্যাঞ্চো সোনম ওয়াংচুক নন: আমির খান

ভারতীয় চলচ্চিত্র ‘থ্রি ইডিয়টস’ ছবিটির র্যাঞ্চো বা ফুংসুখ ওয়াংড়ু চরিত্রকে ঘিরে চলে আসছে নানা আলোচনা। অনেকের ধারণা, চরিত্রটি প্রকৌশলী ও শিক্ষা সংস্কারক সোনম ওয়াংচুকের জীবন থেকে অনুপ্রাণিত। সেই ধারণা এবার স্পষ্টভাবে নাকচ করেছেন বলিউড অভিনেতা আমির খান।
বর্তমানে প্রশ্নফাঁসের তদন্ত এবং ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে অনশন করছেন সোনম ওয়াংচুক। এমন সময় লন্ডনে এক চলচ্চিত্র উৎসবে বক্তব্য দিতে গিয়ে আমির বলেন, ‘থ্রি ইডিয়টস’ নির্মাণের সময় তিনি কিংবা ছবির চিত্রনাট্যকাররা কেউই ওয়াংচুক সম্পর্কে জানতেন না।
সম্প্রতি সিনেমাটির অভিনেতা ওমি বৈদ্য (চতুর) সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও প্রকাশ করে দাবি করেন, র্যাঞ্চো চরিত্রটি ওয়াংচুকের জীবন থেকে অনুপ্রাণিত। তবে সেই বক্তব্যকে ভুল বলে মন্তব্য করেন আমির খান।
যুক্তরাজ্যের স্থানীয় সময় বৃহস্পতিবার ১৭তম লন্ডন ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল-এর সমাপনী অনুষ্ঠানে এক দর্শক বলেন, তিনি জানেন ‘থ্রি ইডিয়টস’-এর গল্প সোনম ওয়াংচুকের জীবন থেকে নেওয়া। জবাবে আমির বলেন, “এটি একটি ভুল ধারণা। সিনেমাটি তৈরির সময় আমরা সোনম সম্পর্কে জানতাম না। সিনেমা মুক্তির পর বিষয়টি সামনে এলে সোনম নিজেও এটি পরিষ্কার করেছিলেন।”
কয়েক বছর আগে দেওয়া এক বক্তব্যে সোনম ওয়াংচুক জানান, অনেকেই তাঁর সঙ্গে র্যাঞ্চো চরিত্রের মিল খুঁজে পেলেও চলচ্চিত্রটির নির্মাতারা কখনো তাঁর সঙ্গে এ বিষয়ে যোগাযোগ করেননি কিংবা অনুমতিও নেননি।
তিনি বলেন, ২০০৮ সালে একটি অনুষ্ঠানে সিনেমা মুক্তির আগেই তাঁর সঙ্গে আমির খানের প্রথম দেখা হয়েছিল। সে সময় তিনি আমিরকে সিয়াচেন সীমান্তে ভারত-পাকিস্তানের বিরোধ এবং সেই বিপুল অর্থ শিক্ষা খাতে ব্যয়ের সম্ভাবনা নিয়ে একটি সিনেমা নির্মাণের প্রস্তাব দিয়েছিলেন। আমির তাঁর কথা মনোযোগ দিয়ে শুনেছিলেন বলেও দাবি করেন ওয়াংচুক।
এর কিছুদিন পর তিনি ফ্রান্সে চলে যান। ২০০৯ সালে ‘থ্রি ইডিয়টস’ মুক্তির পর অনেকে র্যাঞ্চো চরিত্রের সঙ্গে তাঁর জীবনের মিল খুঁজতে শুরু করেন।
সোনম বলেন, তিনি তাৎক্ষণিকভাবে বিষয়টি নিয়ে আপত্তি তোলেননি। কারণ একপক্ষ ভাবতে পারে, তিনি হয়তো নির্মাতাদের কাছে থেকে অর্থ দাবি করছেন। কাহিনীর স্বত্ব বাবদ ক্ষতিপূরণ দাবি করার আইনি মেয়াদ শেষ হওয়া পর্যন্ত তিনি অপেক্ষা করেছেন। এরপর নির্মাতাদের কাছে একটি চিঠি লিখে সিনেমাটি তৈরির আগে আমিরের সঙ্গে তাঁর আলাপের বিষয়টি জানান। তারা এর কোনো উত্তর দেয়নি। তিনি নিজেও উত্তরের আশা করেন না।
ভিওডি বাংলা/তা








মন্তব্য