বাড়ছে নদীর পানি, ৭২ ঘণ্টায় বন্যার শঙ্কা

টানা বৃষ্টি ও উজানের ঢলে কুড়িগ্রামের প্রধান নদ-নদীর পানি বাড়ছে। এর মধ্যে দুধকুমার নদীর পানি পাটেশ্বরী পয়েন্টে বিপৎসীমার ২৩ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
সোমবার (২৯ জুন) সকাল ৯টার পানি উন্নয়ন বোর্ডের তথ্য অনুযায়ী, পাটেশ্বরী পয়েন্টে দুধকুমার নদীর পানি ২৯ দশমিক ৮৩ মিটার রেকর্ড করা হয়েছে, যেখানে বিপৎসীমা ২৯ দশমিক ৬০ মিটার। সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত এ পয়েন্টে নদীর পানি ৭ সেন্টিমিটার বেড়েছে। এ সময় সেখানে ১৩৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
ধরলা নদীর কুড়িগ্রাম পয়েন্টে পানির উচ্চতা ২৫ দশমিক ৪৫ মিটার, যা বিপৎসীমার ৬০ সেন্টিমিটার নিচে। তালুক শিমুলবাড়ী পয়েন্টে পানি রয়েছে ৩০ দশমিক ৪৭ মিটারে, যা বিপৎসীমার ৪০ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। কুড়িগ্রামে এ সময় ৮২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
পানি উন্নয়ন বোর্ড জানায়, সোমবার সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত ব্রহ্মপুত্র নদের নুনখাওয়া ও হাতিয়া পয়েন্টে ২ সেন্টিমিটার এবং চিলমারী পয়েন্টে ১৩ সেন্টিমিটার পানি বেড়েছে। তবে সব পয়েন্টেই নদী এখনো বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। চিলমারীতে ৮০ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।
এদিকে তিস্তা নদীর কাউনিয়া পয়েন্টে পানি ২৫ সেন্টিমিটার বেড়ে সকাল ৯টায় ২৯ দশমিক ২৫ মিটারে পৌঁছেছে। এটি বিপৎসীমার মাত্র ৬ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। কাউনিয়ায় ৫২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রাকিবুল হাসান বলেন, উজানের ঢলে দুধকুমার নদীর পানি ইতোমধ্যে বিপৎসীমা অতিক্রম করেছে। অন্যান্য নদ-নদীর পানিও বাড়ছে। বন্যা পূর্বাভাস অনুযায়ী, আগামী ৭২ ঘণ্টায় পানি আরও বৃদ্ধি পেয়ে জেলার নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদি বন্যা দেখা দিতে পারে।
ভিওডি বাংলা/আ








মন্তব্য