• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

সিলেটে আনসার পরিচয়ে ডাকাতির প্রস্তুতি, গ্রেপ্তার ২

সিলেট প্রতিনিধি    ২৯ জুন ২০২৬, ০১:৩৪ পি.এম.
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

সিলেটে আনসার সদস্য পরিচয়ে ব্যারিকেড দিয়ে ডাকাতির প্রস্তুতির অভিযোগে গ্রেপ্তার হওয়া দুই ব্যক্তি বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর কোনো সদস্য নন বলে জানিয়েছে বাহিনী কর্তৃপক্ষ। 

সোমবার (২৯ জুন) এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন গণমাধ্যমে “আনসার পরিচয়ে ডাকাতির প্রস্তুতি, গ্রেপ্তার ২” শিরোনামে সংবাদ প্রকাশের পর ঘটনাটি গুরুত্বসহকারে তদন্ত শুরু করে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। তদন্ত শেষে বাহিনী জানায়, গ্রেপ্তার হওয়া সাইফ আহমেদ রাজ ও আসকান মিয়ার সঙ্গে আনসার বাহিনীর কোনো সাংগঠনিক, প্রশাসনিক কিংবা পেশাগত সম্পর্ক নেই।

বাহিনীর অনুসন্ধানে জানা যায়, অভিযুক্ত সাইফ আহমেদ রাজ নিজেই একটি বুলেটপ্রুফ ভেস্ট তৈরি করেছিলেন, যেখানে “আনসার-ভিডিপি” লেখা ছিল। এছাড়া তার ব্যবহৃত পরিচয়পত্র সদৃশ স্মার্ট কার্ড পরীক্ষা করে সেটি সম্পূর্ণ ভুয়া বলে নিশ্চিত হওয়া গেছে।

তদন্তে আরও উঠে এসেছে, তার কাছ থেকে উদ্ধার হওয়া ওয়াকিটকি, হ্যান্ডকাফ, দুটি চাবি এবং মোবাইল ফোন ব্যক্তিগতভাবে সংগ্রহ করা হয়েছিল। এসব সরঞ্জামের সঙ্গে আনসার বাহিনীর কোনো সম্পৃক্ততা নেই বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

জানা গেছে, সাইফ আহমেদ রাজ সিলেট নগরের কোতোয়ালি থানাধীন বাগবাড়ি এলাকার এতিম স্কুল রোডের ছালেহা টাওয়ারে কয়েক মাস ধরে ভাড়া বাসায় বসবাস করছিলেন। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, তিনি প্রায়ই আনসার ও ভিডিপির পোশাক পরে চলাফেরা করতেন এবং নিজেকে বাহিনীর সদস্য হিসেবে পরিচয় দিতেন। তবে যাচাই-বাছাইয়ে তার পরিচয়ের কোনো সত্যতা পাওয়া যায়নি।

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, সাম্প্রতিক সময়ে কিছু অসাধু চক্র বাহিনীর ইউনিফর্ম, পরিচয়পত্র ও সরঞ্জাম ব্যবহার করে প্রতারণা ও অপরাধমূলক কর্মকাণ্ডের চেষ্টা করছে। এ ধরনের ঘটনা সাধারণ মানুষের নিরাপত্তা ও আইনশৃঙ্খলার জন্য হুমকি হয়ে দাঁড়াতে পারে বলে মনে করছে বাহিনী।

এ অবস্থায় জনসাধারণকে আরও সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে। বাহিনীর পোশাক বা পরিচয় ব্যবহার করে কেউ সন্দেহজনক কর্মকাণ্ডে জড়িত থাকলে দ্রুত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানাতে অনুরোধ করা হয়েছে। একই সঙ্গে অপরাধ দমনে তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বানও জানানো হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী দেশের জননিরাপত্তা নিশ্চিতকরণ, অপরাধ প্রতিরোধ এবং বাহিনীর পেশাদার ভাবমূর্তি অক্ষুণ্ন রাখতে সবসময় দায়িত্বশীল ভূমিকা পালন করে যাচ্ছে।

ভিওডি বাংলা/জা


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
বাড়ছে নদীর পানি, ৭২ ঘণ্টায় বন্যার শঙ্কা
ছবি: ভিওডি বাংলা
ফেনীতে মাদকবিরোধী অভিযানে মারধরের অভিযোগ, পাল্টাপাল্টি বক্তব্য
ছবি: সংগৃহীত
জুলাই শহীদের অনুদানের টাকায় বাবার দ্বিতীয় বিয়ে