সীমান্তে পাকিস্তানের অভিযানে ২৯ সন্ত্রাসী নিহত

পাকিস্তান-আফগানিস্তান সীমান্তবর্তী এলাকায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত স্থল অভিযান এবং পরবর্তী বিমান হামলায় মোট ২৯ সন্ত্রাসী নিহত হয়েছে বলে দাবি করেছে পাকিস্তান। দেশটির তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার এ তথ্য জানিয়েছেন।
সোমবার (২৯ জুন) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি বলেন, খাইবার পাখতুনখোয়া, বেলুচিস্তান এবং করাচিতে পাকিস্তান রেঞ্জার্সের (সিন্ধ) ক্যাম্পে সাম্প্রতিক সন্ত্রাসী হামলার পর এসব অভিযান চালানো হয়েছে।
আতাউল্লাহ তারার জানান, ২৮ জুন বাজাউর জেলায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত একটি স্থল অভিযানে ভারত-সমর্থিত বলে দাবি করা জামাত-উল-আহরার ও ফিতনা আল-খাওয়ারিজের সঙ্গে সংশ্লিষ্ট জঙ্গিদের লক্ষ্যবস্তু করা হয়।
তার দাবি, ওই অভিযানে জামাত-উল-আহরারের শীর্ষ কমান্ডার খান ফরোশ ওরফে জাবালসহ চার জঙ্গি নিহত হন। এ ছাড়া আরও কয়েকজন আহত হয়েছেন।
তিনি আরও বলেন, ‘গাজাব লিল-হক’ অভিযানের অংশ হিসেবে ২৮ ও ২৯ জুন রাতভর সীমান্তবর্তী এলাকায় অবস্থিত সন্ত্রাসী ক্যাম্প ও আস্তানায় নির্ভুল বিমান হামলা চালানো হয়। এতে পাকতিয়া, পাকতিকা ও কুনার অঞ্চলের তিনটি লক্ষ্যবস্তু ধ্বংস করা হয়েছে বলে দাবি করা হয়। এসব হামলায় আরও ২৫ জঙ্গি নিহত হয়েছে এবং বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ ধ্বংস করা হয়েছে বলেও দাবি করেন তিনি।
পাকিস্তানের তথ্যমন্ত্রী বলেন, আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে দেশটি প্রতিশ্রুতিবদ্ধ। তবে নাগরিকদের নিরাপত্তার প্রশ্নে কোনো আপস করা হবে না।
তিনি আরও বলেন, বিদেশি মদদপুষ্ট সন্ত্রাসবাদ দমনে ‘আজম-ই-ইস্তেহকাম’ কৌশলের আওতায় পাকিস্তানের সন্ত্রাসবিরোধী অভিযান পূর্ণ গতিতে অব্যাহত থাকবে।
পাকিস্তানের দাবি, ২০২১ সালে আফগানিস্তানে তালেবান ক্ষমতায় আসার পর বিশেষ করে খাইবার পাখতুনখোয়া ও বেলুচিস্তানে সন্ত্রাসী কর্মকাণ্ড বেড়েছে। এ প্রেক্ষাপটেই ‘গাজাব লিল-হক’ অভিযান শুরু করা হয়।
ইসলামাবাদের দাবি, এ অভিযানে আফগান তালেবান ও তাদের মিত্র শতাধিক যোদ্ধা নিহত এবং আরও শত শত জঙ্গি আহত হয়েছে।
পাকিস্তানের ভাষ্য অনুযায়ী, ২০২৫ সালের অক্টোবরে আফগান তালেবান ও তাদের সহযোগী জঙ্গিদের সীমান্ত চৌকিতে হামলার পর দুই দেশের মধ্যে সীমান্ত সংঘর্ষ শুরু হয়। দফায় দফায় আলোচনা হলেও এখন পর্যন্ত কোনো সমঝোতায় পৌঁছাতে পারেনি দুই দেশ। পাকিস্তানের অভিযোগ, সন্ত্রাসী গোষ্ঠীগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নিতে আফগান তালেবান সরকারের অনীহার কারণেই এই অচলাবস্থা তৈরি হয়েছে।
সূত্র : জিও নিউজ
ভিওডি বাংলা/আ








মন্তব্য