• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

রংপুরে ডিবির অভিযানে ইয়াবা সরবরাহকারী গ্রেপ্তার

রংপুর প্রতিনিধি    ২৯ জুন ২০২৬, ০১:৪৫ পি.এম.
মাদক কারবারি মাসুদুর রহমান টিটু। ছবি: সংগৃহীত
মাদক কারবারি মাসুদুর রহমান টিটু। ছবি: সংগৃহীত

রংপুর মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে শহরের অন্যতম শীর্ষ মাদক সরবরাহকারী হিসেবে পরিচিত মাসুদুর রহমান টিটু ওরফে মাসুদ রানা টিটুকে (৪৬) গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তার কাছ থেকে ১৫০ পিস ইয়াবা ট্যাবলেট ও ১০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।

রংপুর মেট্রোপলিটন পুলিশ (আরপিএমপি) সূত্রে জানা যায়, পুলিশ কমিশনার মোহাম্মদ আব্দুল মাবুদের নির্দেশনায় এবং উপ-পুলিশ কমিশনার (ডিবি) সনাতন চক্রবর্তীর তত্ত্বাবধানে রোববার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে নগরীর মুন্সিপাড়া এলাকায় অভিযান চালানো হয়। মহানগর গোয়েন্দা বিভাগের একটি দল এসআই প্রণয় কৃষ্ণ মণ্ডলের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করে।

অভিযানে গ্রেপ্তার হওয়া টিটু নগরীর পরিচিত মাদক কারবারি বলে জানিয়েছে পুলিশ। তার পিতা খলিলুর রহমান খট্টু। প্রাথমিক তদন্তে জানা গেছে, দীর্ঘদিন ধরে তিনি সীমান্তবর্তী বিভিন্ন এলাকা থেকে ইয়াবা ও হেরোইন সংগ্রহ করে রংপুর মহানগরীর বিভিন্ন স্থানে পাইকারি পর্যায়ে সরবরাহ করে আসছিলেন।

পুলিশ বলছে, গ্রেপ্তারকৃত টিটুর বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় অন্তত ১২টির বেশি মাদক মামলা রয়েছে। এছাড়া তার বিরুদ্ধে একাধিক গ্রেপ্তারি পরোয়ানাও বিচারাধীন অবস্থায় রয়েছে।

ডিবি সূত্রে আরও জানা যায়, অতীতে গ্রেপ্তার হওয়া কয়েকজন খুচরা মাদক ব্যবসায়ীর জিজ্ঞাসাবাদে টিটুর নাম বারবার উঠে আসে। এরপর থেকেই তাকে নজরদারিতে রাখা হয়। দীর্ঘদিন তথ্য সংগ্রহ, গোপন অনুসন্ধান ও পরিকল্পিত অভিযানের মাধ্যমে অবশেষে তাকে আটক করা সম্ভব হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে টিটু মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে বলে জানিয়েছে পুলিশ। তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, মাদক ব্যবসা থেকে অর্জিত টাকায় তিনি নগরীর হনুমানতলা ও ভোগী বালাপাড়া এলাকায় একাধিক পাকা বাড়ি নির্মাণ করেছেন। পাশাপাশি বিভিন্ন যানবাহনের মালিকানাও গড়ে তুলেছেন বলে তথ্য পাওয়া গেছে।

রংপুর মহানগর পুলিশ জানিয়েছে, নগরীতে মাদক নির্মূলে তাদের অভিযান অব্যাহত রয়েছে। মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করা হয়েছে এবং প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হচ্ছে।

ভিওডি বাংলা/জা


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
বাড়ছে নদীর পানি, ৭২ ঘণ্টায় বন্যার শঙ্কা
ছবি: ভিওডি বাংলা
ফেনীতে মাদকবিরোধী অভিযানে মারধরের অভিযোগ, পাল্টাপাল্টি বক্তব্য
ছবি: সংগৃহীত
জুলাই শহীদের অনুদানের টাকায় বাবার দ্বিতীয় বিয়ে