ফেসবুকে আবেগঘন পোস্টের পর পুলিশ কনস্টেবলের মৃত্যু

ফেনী সদর উপজেলার বাসিন্দা ও আল-জামিয়াতুল ফালাহিয়া কামিল মাদ্রাসার সাবেক শিক্ষার্থী পুলিশ কনস্টেবল সাইদুল ইসলামের মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের পরিবেশ বিরাজ করছে। মৃত্যুর আগে তিনি নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি দীর্ঘ আবেগঘন পোস্ট প্রকাশ করেছিলেন। ওই পোস্টে ব্যক্তিগত জীবনের হতাশা, ভেঙে যাওয়া সম্পর্ক এবং মানসিক কষ্টের কথা তুলে ধরেন তিনি।
পরিবার ও স্থানীয় সূত্র জানায়, সম্প্রতি বাংলাদেশ পুলিশে কনস্টেবল হিসেবে যোগ দেন সাইদুল ইসলাম। চাকরিতে যোগদানের কিছুদিন পর ভালোবেসে বিয়ে করেন তিনি। নতুন সংসার নিয়ে নানা পরিকল্পনা থাকলেও সেই দাম্পত্য দীর্ঘস্থায়ী হয়নি। বিয়ের প্রায় দেড় মাসের মাথায় স্বামী-স্ত্রীর বিচ্ছেদ ঘটে।
স্বজনদের ভাষ্য, বিচ্ছেদের পর থেকেই সাইদুল মানসিকভাবে ভেঙে পড়েন। তিনি একাকীত্ব ও মানসিক অস্থিরতায় ভুগছিলেন বলে পরিবারের সদস্যরা জানিয়েছেন। এ অবস্থায় মৃত্যুর আগে নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে একটি দীর্ঘ পোস্ট দেন, যেখানে সম্পর্ক ভাঙার বেদনা, অপূর্ণ স্বপ্ন এবং জীবনের নানা হতাশার অনুভূতি প্রকাশ করেন।
পোস্টে তিনি ব্যক্তিগত অনুভূতির পাশাপাশি বাবা-মায়ের কাছে ক্ষমা প্রার্থনা করেন এবং নিজের অসহায়ত্বের কথাও উল্লেখ করেন। সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্টটি ছড়িয়ে পড়ার পর পরিচিতজনদের মধ্যে উদ্বেগ সৃষ্টি হলেও পরে তার মৃত্যুর খবর আসে।
সাইদুল ইসলামের মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়লে বন্ধু, সহপাঠী, সহকর্মী এবং আল-জামিয়াতুল ফালাহিয়া কামিল মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীরা গভীর শোক প্রকাশ করেন। সামাজিক যোগাযোগমাধ্যমেও অনেকে তার স্মৃতিচারণ করে শোকবার্তা দিয়েছেন।
ঘটনার বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আইনগত প্রক্রিয়া সম্পন্ন করছে বলে জানা গেছে। মৃত্যুর কারণ ও ঘটনার সার্বিক বিষয় খতিয়ে দেখা হচ্ছে।
এই ঘটনাকে কেন্দ্র করে মানসিক স্বাস্থ্য নিয়ে সচেতনতার বিষয়টি আবারও আলোচনায় এসেছে। বিশেষজ্ঞদের মতে, পারিবারিক বা ব্যক্তিগত সংকটে কেউ মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়লে তাকে একা না রেখে পরিবার, বন্ধু ও সহকর্মীদের আন্তরিকভাবে পাশে দাঁড়ানো প্রয়োজন। সময়মতো মানসিক সহায়তা ও পরামর্শ অনেক ক্ষেত্রেই সংকট কাটিয়ে উঠতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
ভিওডি বাংলা/জা








মন্তব্য