• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

'আওয়ামী লীগের প্রত্যাবর্তন চায় না জনগণ': আউয়াল

নিজস্ব প্রতিবেদক    ৯ জুলাই ২০২৬, ০২:৫৮ পি.এম.
ডা. তৌহিদুর রহমান আউয়াল। ছবি: ভিওডি বাংলা
ডা. তৌহিদুর রহমান আউয়াল। ছবি: ভিওডি বাংলা

রাজনৈতিক দলগুলোর প্রতি আওয়ামী লীগের নেতাকর্মীদের দলে না নেওয়ার আহ্বান জানিয়েছেন জাতীয়তাবাদী ছাত্রদলের সহ-সভাপতি ডা. তৌহিদুর রহমান আউয়াল। তিনি বলেন, বাংলাদেশের মানুষ কোনোভাবেই নিষিদ্ধ আওয়ামী লীগের প্রত্যাবর্তন চায় না। তাই ফ্যাসিবাদের দোসরদের নিয়ে কোনো রাজনৈতিক দল যেন নিজেদের শক্তি বাড়ানোর চেষ্টা না করে।

বৃহস্পতিবার (৯ জুলাই) দুপুরে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, "লোক কম হলেও নিজেদের কর্মীদের মোটিভেট করুন, কিন্তু ফ্যাসিবাদের দোসরদের নিয়ে দল ভারী করবেন না।" তিনি দাবি করেন, সকালে একটি সংবাদে তিনি দেখেছেন আওয়ামী লীগের এক নেতা অন্য একটি দলে যোগ দিয়েছেন। এ ধরনের ঘটনা গণঅভ্যুত্থানের চেতনার পরিপন্থী বলেও মন্তব্য করেন তিনি।

এ সময় তিনি সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় নিন্দা জানিয়ে বলেন, সাংবাদিকরা স্বাধীনভাবে প্রশ্ন করবেন, এটি তাদের অধিকার। কোনো রাজনৈতিক দলের কর্মীদের সাংবাদিকদের ওপর হাত তোলার অধিকার নেই। তিনি বলেন, সংবাদকর্মীরা কোনো দলের শত্রু নন; তারা সবার সংবাদ সংগ্রহ করতেই মাঠে যান।

ডা. আউয়াল বলেন, ২০২৪ সালের গণঅভ্যুত্থানের মহানায়ক বাংলাদেশের জনগণ। তার ভাষ্য অনুযায়ী, বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানও বারবার বলেছেন, এই গণঅভ্যুত্থানের কৃতিত্ব কোনো একক ব্যক্তি বা নেতার নয়; বরং দেশের সাধারণ মানুষ, নারী, শিক্ষার্থী, রিকশাচালক ও শ্রমজীবী মানুষের সম্মিলিত ত্যাগের ফল।

তিনি আরও বলেন, বাংলাদেশের ইতিহাসকে ধারণ করতে হলে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ, ১৯৯০-এর গণঅভ্যুত্থান এবং ২০২৪ সালের গণঅভ্যুত্থান-এই তিনটি অধ্যায়কে সমান গুরুত্ব দিতে হবে।

এ সময় তিনি দাবি করেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের বিভিন্ন উদ্যোগ শিক্ষাখাতে ইতিবাচক প্রভাব ফেলবে। বিশেষ করে এক কোটি ২০ লাখ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য স্কুল ড্রেস ও ব্যাগ দেওয়ার উদ্যোগ অনেক দরিদ্র শিক্ষার্থীর ঝরে পড়া কমাতে সহায়ক হবে বলে মন্তব্য করেন তিনি।

এছাড়া পরশু ঢাকা মেডিকেল কলেজ সফরকে ঘিরে উচ্ছ্বাস প্রকাশ করে ছাত্রদল নেতা বলেন, প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে তারা প্রস্তুত এবং তার আগমনকে তারা গৌরবের বিষয় হিসেবে দেখছেন।

ভিওডি বাংলা/এম আই/জা


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ৩শ’ নেতাকর্মীকে বহিষ্কার করেছে যুবদল
নয়াপল্টনের হোটেল ভিক্টোরির সাঙ্গু ব্যাংকুইট হলের (৭ম তলা) এক সংবাদ সম্মেলনে বক্তব্য দেন আবদুল মোনায়েম। ছবি: ভিওডি বাংলা
যুবদলের পূর্ণাঙ্গ কমিটির পর সাংগঠনিক কার্যক্রম জোরদারের ঘোষণা
ছবি: সংগৃহীত
জনগণের ভোটেই সরকার ক্ষমতায় এসেছে: রিজভী