সেবা নিতে এসে কেউ যেন কষ্ট না পান: আইজিপি

বাংলাদেশ পুলিশ একাডেমি, সারদায় ৪২তম ক্যাডেট সাব-ইন্সপেক্টর (এসআই) ২০২৫ ব্যাচের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির নবীন কর্মকর্তাদের উদ্দেশে বলেন, থানায় সেবা নিতে এসে কোনো মানুষ যেন পুলিশের আচরণে কষ্ট না পান। জনগণের সেবক হিসেবে সততা, মানবিকতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।
বৃহস্পতিবার (১৬ জুলাই) সকালে বাংলাদেশ পুলিশ একাডেমি প্রাঙ্গণে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত এ কুচকাওয়াজে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আইজিপি অভিবাদন গ্রহণ, কুচকাওয়াজ পরিদর্শন এবং শ্রেষ্ঠ প্রশিক্ষণার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।
আইজিপি বলেন, জনগণের নিরাপত্তা নিশ্চিত করা এবং দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখা বাংলারাজশাদেশ পুলিশের অন্যতম প্রধান দায়িত্ব। এ দায়িত্ব পালনে প্রতিটি পুলিশ সদস্যকে সততা, নিষ্ঠা, পেশাদারিত্ব ও মানবিক মূল্যবোধের সর্বোচ্চ পরিচয় দিতে হবে।
তিনি আরও বলেন, সমাজের সব শ্রেণি-পেশার মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা, অপরাধ দমন এবং জনসেবার মানোন্নয়নে পুলিশ সদস্যদের আরও দক্ষ, জনবান্ধব ও সেবামুখী হতে হবে। জনগণের আস্থা ও বিশ্বাস অর্জনের মাধ্যমেই বাংলাদেশ পুলিশকে একটি আধুনিক ও স্মার্ট বাহিনীতে পরিণত করা সম্ভব।
নবীন কর্মকর্তাদের উদ্দেশে আইজিপি বলেন, ‘আপনারা জনগণের সেবক। সেই পরিচয় ধারণ করেই দায়িত্ব পালন করবেন। থানায় সেবা নিতে আসা কোনো মানুষ যেন আপনাদের আচরণে কষ্ট না পান।’
সমাপনী কুচকাওয়াজে ৪২তম ক্যাডেট সাব-ইন্সপেক্টর (এসআই) ২০২৫ ব্যাচের ৫০০ জন প্রশিক্ষণার্থী অংশ নেন। তাদের মধ্যে ১৯ জন নারী এবং ৪৮১ জন পুরুষ। পরে নবীন এসআইদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। শপথ শেষে মনোমুগ্ধকর কুচকাওয়াজের মাধ্যমে প্রশিক্ষণ কার্যক্রমের আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করা হয়।
অনুষ্ঠানে বাংলাদেশ পুলিশ একাডেমির প্রিন্সিপাল ও অতিরিক্ত আইজিপি জি. এম. আজিজুর রহমান, ভাইস প্রিন্সিপাল বাসুদেব বণিক (এনডিসি), পুলিশ সুপার (প্রশাসন) সাইফুল ইসলাম, সহকারী পুলিশ সুপার (লজিস্টিক) শুভ কুমার ঘোষসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, প্রশিক্ষক, প্রশিক্ষণার্থীদের অভিভাবক এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।
ভিওডি বাংলা/আ








মন্তব্য