• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

নাইক্ষ্যংছড়ি সীমান্তে অনুপ্রবেশ, ১১ মিয়ানমার নাগরিক আটক

বান্দরবান প্রতিনিধি    ১১ জুলাই ২০২৬, ১০:১৫ এ.এম.
নাইক্ষ্যংছড়ি সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশের সময় আটক হওয়া মিয়ানমারের নাগরিকরা। ছবি: বিজিবি
নাইক্ষ্যংছড়ি সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশের সময় আটক হওয়া মিয়ানমারের নাগরিকরা। ছবি: বিজিবি

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের সময় পৃথক অভিযানে মিয়ানমারের ১১ নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তাদের মধ্যে আটজনের বিরুদ্ধে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে। অপর তিন নারীকে যাচাই-বাছাই শেষে সীমান্ত দিয়ে মিয়ানমারে ফেরত পাঠানো হয়েছে।

শুক্রবার (১০ জুলাই) দিনভর নাইক্ষ্যংছড়ির বিভিন্ন সীমান্ত এলাকায় পরিচালিত এসব অভিযানে বিজিবির সদস্যদের পাশাপাশি স্থানীয় পুলিশও অংশ নেয়। কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) জানিয়েছে, সীমান্তে নজরদারি জোরদারের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব ব্যক্তিকে আটক করা হয়।

বিজিবি সূত্রে জানা যায়, সকালে ঘুমধুম ইউনিয়নের গাছবুনিয়া এলাকায় অভিযান পরিচালনা করা হয়। কক্সবাজার ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর মেহেদী হাসান আশিকের নেতৃত্বে পরিচালিত ওই অভিযানে সীমান্ত পিলার ৪১ থেকে প্রায় চার কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে অবস্থানকালে আটজনকে আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন-মংবা তংচংগা (৩৪), মং এম (২০), কিংলা থুয়াং (২১), রুপার (১৯), থাইংসা মং (৪০), তুলি (২০), তানতান নাইং (২০) এবং মংতা নাইং (২০)।

আটকদের মধ্যে মংবা তংচংগা নামে একজন নিজেকে বাংলাদেশের নাগরিক দাবি করে একটি জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ও জন্মনিবন্ধনের অনুলিপি উপস্থাপন করেন। তবে প্রাথমিক যাচাইয়ে ওই কাগজপত্রের তথ্যের সঙ্গে তার পরিচয়ের মিল পাওয়া যায়নি।

বিজিবির দাবি, নথিগুলো জাল কি না অথবা প্রতারণার উদ্দেশ্যে ব্যবহার করা হয়েছে কি না, তা যাচাই করা হচ্ছে। বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত চালিয়ে যাচ্ছে।

ঘটনার পর শুক্রবার রাতে রেজুপাড়া বিওপির নায়েব সুবেদার মিরাজ আলী ভূঁইয়া বাদী হয়ে নাইক্ষ্যংছড়ি থানায় মামলা দায়ের করেন। ফরেনার্স অ্যাক্ট, ১৯৪৬-এর ১৪ ধারায় দায়ের করা মামলায় আটজনকে আদালতে সোপর্দ করা হয়েছে।

নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোজ্জামেল হক বলেন, বিজিবির অভিযোগের ভিত্তিতে মামলা গ্রহণ করা হয়েছে। আটক ব্যক্তিদের আদালতে পাঠানো হয়েছে এবং ঘটনার বিস্তারিত তদন্ত অব্যাহত রয়েছে।

পৃথক অভিযানে আটক তিন নারীকে পুশব্যাক

একই দিন দুপুরে ৩৪ বিজিবির গর্জনবুনিয়া বিওপির সদস্যরা সীমান্তসংলগ্ন গর্জনবুনিয়া এলাকার লেড়ায়ার তংচইঙ্গা বাড়ি এলাকা থেকে আরও তিনজন মিয়ানমারের নারীকে আটক করেন।

পরে তাদের পরিচয় ও পরিস্থিতি যাচাই শেষে বিকেল সাড়ে ৩টার দিকে সীমান্তের ৩৭/২ নম্বর পিলারের বাইশফাঁড়ি বিওপির দায়িত্বাধীন আমবাগান এলাকা দিয়ে মিয়ানমারে ফেরত পাঠানো হয়।

পুশব্যাক হওয়া তিনজন হলেন-মানুসিং তংচঙ্গা (৬২), লাকি মং তংচঙ্গা (৩৮) এবং মেতু মং তংচঙ্গা (১২)।

বিজিবি জানিয়েছে, আটক হওয়া ১১ জনের কারও কাছেই বাংলাদেশে প্রবেশের জন্য প্রয়োজনীয় পাসপোর্ট, ভিসা বা অন্য কোনো বৈধ ভ্রমণ নথি ছিল না। তাদের সবার বাড়ি মিয়ানমারের রাখাইন রাজ্যের মংডু জেলার ঢেকিবুনিয়া এলাকার বিভিন্ন গ্রামে।

প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, তারা অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে প্রবেশ করেছিলেন। তাদের বাংলাদেশে আসার উদ্দেশ্য এবং এর সঙ্গে কোনো মানবপাচার চক্র জড়িত রয়েছে কি না, সেটিও তদন্তে খতিয়ে দেখা হচ্ছে।

কক্সবাজার ব্যাটালিয়নের (৩৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম বলেন, সীমান্ত এলাকায় অবৈধ অনুপ্রবেশ, মানবপাচার, মাদক চোরাচালানসহ আন্তঃসীমান্ত অপরাধ দমনে বিজিবি নিয়মিত অভিযান পরিচালনা করছে। ভবিষ্যতেও সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে বলে জানান তিনি।

ভিওডি বাংলা/জা

 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
টঙ্গীতে নারীকে কুপিয়ে ছিনতাই, গ্রেপ্তার দুই
দুই ঘণ্টার প্যারোলে মায়ের দাফনে আবু হায়াত
দুই ঘণ্টার প্যারোলে মায়ের দাফনে আবু হায়াত
ছবি: সংগৃহীত
ঘরের ভেতর সাত ফুট গর্ত, বাবাকে হত্যাচেষ্টার অভিযোগ