ঢাকাগামী বাসে মিলল ৯২ হাজার ইয়াবা, চালক পলাতক

কক্সবাজার কেন্দ্রীয় বাস টার্মিনালে ঢাকাগামী একটি স্লিপার বাসে অভিযান চালিয়ে ৯২ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় বাসের হেলপার শেখ রাতুল (২৩) কে গ্রেপ্তার করা হয়েছে। তবে অভিযানের সময় বাসটির চালক পালিয়ে গেছেন।
শুক্রবার (১০ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজার সদর মডেল থানার একটি দল বাস টার্মিনালে অভিযান চালায়। এ সময় ঢাকাগামী একটি স্লিপার বাস যাত্রী নিয়ে ছেড়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল।
গ্রেপ্তার শেখ রাতুল সিলেটের গোলাপগঞ্জ উপজেলার বাদেরশ্বর ইউনিয়নের বাসিন্দা শেখ সাইফুল ইসলামের ছেলে।
পুলিশ জানায়, সন্দেহের ভিত্তিতে বাসটিতে তল্লাশি চালানো হয়। এ সময় ৪ ও ৫ নম্বর স্লিপার সিটের নিচের পাটাতনের ভেতরে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ৯২ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে ইয়াবার চালানটি জব্দ করে বাসের হেলপারকে আটক করা হয়।
প্রাথমিকভাবে পুলিশের ধারণা, কক্সবাজার থেকে ঢাকায় পাচারের উদ্দেশ্যেই ইয়াবাগুলো বাসে লুকিয়ে রাখা হয়েছিল।
কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী জানান, আটক হেলপারকে জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে বাসের ভেতর থেকে ইয়াবার চালানটি উদ্ধার করা হয়েছে।
তিনি আরও জানান, পুলিশের উপস্থিতি টের পেয়ে অভিযানের সময় বাসের চালক নাজমুল পালিয়ে যান। তাকে গ্রেপ্তারে পুলিশের একাধিক দল অভিযান চালাচ্ছে।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর গ্রেপ্তার হেলপারকে আদালতে পাঠানো হবে বলে জানিয়েছে পুলিশ।
ভিওডি বাংলা/আ








মন্তব্য