চুপ্পুর গ্রেপ্তারে সাংবিধানিক সুরক্ষা নেই: আখতার হোসেন
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেন বলেছেন, সংবিধানের ৫১ অনুচ্ছেদের দোহাই দিয়ে সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন চুপ্পুর গ্রেপ্তার ঠেকানো যাবে না। তার দাবি, ওই অনুচ্ছেদের অধীনে চুপ্পুর গ্রেপ্তারের বিরুদ্ধে বর্তমানে আর কোনো সাংবিধানিক সুরক্ষা অবশিষ্ট নেই।
রোববার (২৬ জুলাই) রাত ১০টার দিকে চুয়াডাঙ্গার জীবননগর মুক্তমঞ্চে ‘ন্যায়, গণতন্ত্র, অধিকার ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে’ আয়োজিত এনসিপির ‘জুলাই জাগরণ’ পদযাত্রা ও পথসভায় তিনি এসব কথা বলেন।
আখতার হোসেন বলেন, বিএনপি জনগণের বিপক্ষে অবস্থান নিয়েছে। তার ভাষ্য, গণভোটে দেশের ৭০ শতাংশ মানুষ ‘হ্যাঁ’ ভোটের পক্ষে রায় দিলেও বিএনপি সেই রায় বাস্তবায়ন করেনি। জনগণ সরকার গঠনের পাশাপাশি নতুন রাষ্ট্র গঠনের লক্ষ্যে যে রায় দিয়েছে, সেটিও কার্যকর করা হচ্ছে না বলে অভিযোগ করেন তিনি।
তিনি আরও বলেন, গণঅভ্যুত্থান, গণভোট এবং জুলাই আদেশের মধ্য দিয়ে বর্তমান সরকার গঠিত হয়েছে। জুলাই সনদের নির্দেশনা যথাযথভাবে বাস্তবায়ন না হলে জনগণ তা মেনে নেবে না।
বিএনপির সমালোচনা করে এনসিপির সদস্যসচিব বলেন, আওয়ামী লীগের মতো বিএনপিও রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠানকে দলীয়করণের চেষ্টা করছে। তার অভিযোগ, নির্বাচন কমিশনকে দলীয়করণের মাধ্যমে নিয়ন্ত্রণের পাঁয়তারা চলছে এবং রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠানে দলীয় লোক বসিয়ে একদলীয় শাসনব্যবস্থা প্রতিষ্ঠার চেষ্টা করা হচ্ছে।
পথসভায় বক্তব্য দেন এনসিপির কেন্দ্রীয় নারীশক্তির মুখ্য সংগঠক মাহমুদা মিতু। তিনি বলেন, ‘বেগম খালেদা জিয়া মৃত্যুর আগে বলেছিলেন, দেশে যদি কখনো জনগণের সরকার আসে, তাহলে এই সংবিধান ছুড়ে ফেলে দেবে। কিন্তু তারেক রহমান নিজের মায়ের সেই কথা রাখেননি। যে সন্তান নিজের মায়ের আকাঙ্ক্ষা পূরণ করতে পারে না, সে কীভাবে দেশ পরিচালনা করবে?’
এ সময় আরও বক্তব্য দেন এনসিপির যুগ্ম সদস্যসচিব মোল্লা মোহাম্মদ ফারুক আহসান, যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষারসহ দলের অন্যান্য নেতারা।
ভিওডি বাংলা/আ









মন্তব্য