• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
জনবান্ধব পুলিশ গঠনে পুরস্কার ও তিরস্কারের নীতি চলবে: স্বরাষ্ট্রমন্ত্রী চা শিল্পের সমস্যা সমাধানে কমিটি গঠনের নির্দেশ প্রধানমন্ত্রীর শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে চার্জ শুনানি ১৩ আগস্ট বিদেশ যাচ্ছেন সদ্য বিদায়ী রাষ্ট্রপতি সাহাবুদ্দিন ফুটপাতের জন্য ১৫৪ গাছ কাটার উদ্যোগ, ক্ষুব্ধ নজরুল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নবনিযুক্ত চুক্তিভিত্তিক কর্মকর্তাদের সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ জুলাই অভ্যুত্থানে সক্রিয় ছিল ইসলামী আন্দোলন: চরমোনাই পীর যাত্রাবাড়ীতে ৭০ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার প্রশ্নফাঁসবিরোধী আন্দোলনেই উত্থান, সেই প্রশ্নফাঁসের জেরেই ধর্মেন্দ্রর বিদায় ভারতের নতুন শিক্ষামন্ত্রী হলেন প্রহ্লাদ জোশী

সাবেক রাষ্ট্রপতিকে গ্রেপ্তারের দাবি আমলে নেওয়ার মতো নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

  নিজস্ব প্রতিবেদক
প্রকাশ:  ২৬ জুলাই ২০২৬, ০২:২৪ পি.এম.
শেয়ার করুন 0
সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ছবি: সংগৃহীত
সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ছবি: সংগৃহীত

সদ্য সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে গ্রেপ্তারের মতো কোনো পরিস্থিতি বর্তমানে সরকার দেখছে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, সরকারের কাছে এমন কোনো অভিযোগ নেই, যা এই মুহূর্তে রাষ্ট্রের পক্ষ থেকে আমলে নেওয়া প্রয়োজন। তাই আইন অনুযায়ী সাবেক রাষ্ট্রপতি যেসব সুযোগ-সুবিধা পাওয়ার অধিকারী, সেগুলো তিনি পাবেন এবং প্রয়োজনীয় নিরাপত্তাও নিশ্চিত করা হবে।

রোববার (২৬ জুলাই) সচিবালয়ে পুলিশের সাহসিকতা ও জনসেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতিস্বরূপ পুরস্কার ও সম্মাননা প্রদান অনুষ্ঠান শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।

সাবেক রাষ্ট্রপতির গ্রেপ্তারের দাবিতে কয়েকটি রাজনৈতিক দলের কর্মসূচি প্রসঙ্গে জানতে চাইলে সালাহউদ্দিন আহমদ বলেন, গণতান্ত্রিক রাষ্ট্রে রাজনৈতিক দলগুলোর মত প্রকাশ ও প্রতিবাদ করার অধিকার রয়েছে। তবে এসব দাবির মধ্যে এমন কিছু সরকার খুঁজে পায়নি, যা রাষ্ট্রীয়ভাবে পদক্ষেপ নেওয়ার প্রয়োজন তৈরি করে।

তিনি বলেন, মো. সাহাবুদ্দিন রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালনকালে সংবিধান অনুযায়ী দায়িত্ব পালন করেছেন। আগের সরকারের শেষ সময়, অন্তর্বর্তী সরকারের সময় এবং বর্তমান সরকারের শুরুর সময়েও তিনি সাংবিধানিক দায়িত্ব যথাযথভাবে পালন করেছেন। এ সময় সরকার তাঁর প্রয়োজনীয় সহযোগিতাও পেয়েছে।

রাষ্ট্রপতির সাংবিধানিক অবস্থান প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দায়িত্বে থাকাকালে রাষ্ট্রপতি সংবিধান অনুযায়ী দায়মুক্তি ভোগ করেন। তবে দায়িত্ব পালনের বাইরের কোনো বিষয়ে কারও অভিযোগ থাকলে তা প্রচলিত আইন অনুসারেই নিষ্পত্তি হবে।

সাবেক রাষ্ট্রপতিকে ঘিরে সম্প্রতি আলোচনায় আসা কথিত ফোনালাপের অডিও সম্পর্কে প্রশ্ন করা হলে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, তিনি বিষয়টি সংবাদমাধ্যমে দেখেছেন। তবে সরকারের কাছে এ ধরনের কোনো তথ্য বা প্রমাণ নেই।

তিনি বলেন, বর্তমান প্রযুক্তিনির্ভর যুগে যোগাযোগের জন্য বিদেশে যাওয়ার প্রয়োজন হয়-এমন দাবি তাঁর কাছে বাস্তবসম্মত মনে হয় না।

সাবেক রাষ্ট্রপতির নিরাপত্তা নিয়ে সরকারের অবস্থানও স্পষ্ট করেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, আইন অনুযায়ী তিনি যেসব সুযোগ-সুবিধা পাওয়ার অধিকারী, তা বহাল থাকবে। রাষ্ট্রপতির নিরাপত্তায় নিয়োজিত এসএসএফ ও প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট (পিজিআর)-এর নিরাপত্তা নির্ধারিত সময় পর্যন্ত কার্যকর থাকবে। পাশাপাশি প্রয়োজন অনুযায়ী পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থাও নিরাপত্তা দেবে।

এলডিপির এক নেতার মন্তব্যের প্রসঙ্গ টেনে সাংবাদিকরা জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘এক সপ্তাহ পরে কী হয়, তা দেখা যাবে।’ পাশাপাশি তিনি মন্তব্য করেন, সব বিষয়ে মন্তব্য করার মতো যোগ্যতা সংশ্লিষ্ট ব্যক্তির নেই।

সিলেট সীমান্তে রাজনৈতিক প্রভাবের মাধ্যমে চোরাচালানের অভিযোগের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এ ধরনের কোনো তথ্য সরকারের কাছে নেই। তবে সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া গেলে তা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সনাতন ধর্মাবলম্বীদের উল্টো রথযাত্রার দিন মতিঝিল মেট্রোরেল স্টেশনের নিচে আইইডি সদৃশ বস্তু উদ্ধারের ঘটনায় ধর্মীয় কোনো উদ্দেশ্য ছিল কি না-এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সরকার ঘটনাটিকে সে দৃষ্টিকোণ থেকে দেখছে না।

তিনি জানান, রথযাত্রা নির্বিঘ্ন করতে আইনশৃঙ্খলা বাহিনী ও গোয়েন্দা সংস্থাগুলো সমন্বিতভাবে দায়িত্ব পালন করেছে। ঘটনাক্রমে ওই দিন ডিভাইসটি পাওয়া গেছে। প্রাথমিকভাবে এর সঙ্গে ধর্মীয় অনুষ্ঠানের কোনো সম্পর্কের তথ্য পাওয়া যায়নি।

এ ঘটনায় আনসার সদস্যদের সতর্কতার প্রশংসা করে তিনি বলেন, তাদের তৎপরতায় বস্তুটি শনাক্ত হয়। পরে পুলিশ এলাকা নিরাপদ করে এবং বোম্ব ডিসপোজাল ইউনিট সেটি নিষ্ক্রিয় করে। দায়িত্বশীল আনসার সদস্যদেরও পুরস্কৃত করা হবে।

ঢাকার একটি হোটেলে মার্কিন গোয়েন্দা সংস্থার সাবেক এক কর্মকর্তার অবস্থান নিয়ে প্রশ্ন করা হলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এ বিষয়ে তাঁর কাছে কোনো তথ্য নেই। বিস্তারিত জানতে তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেন।

সাবেক পুলিশ মহাপরিদর্শক বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে সালাহউদ্দিন আহমদ জানান, ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারির জন্য প্রয়োজনীয় প্রক্রিয়া চলছে।

তিনি বলেন, প্রথম দফায় চাওয়া কাগজপত্র নির্ধারিত সময়ের মধ্যেই পাঠানো হয়েছে। পরে আদালতের চাহিদা অনুযায়ী আরও কিছু তথ্য চাওয়া হয়েছে, সেগুলোও এক-দুই দিনের মধ্যে পাঠিয়ে দেওয়া হবে।

অনুষ্ঠানে দুই ট্রাফিক সার্জেন্টের ছিনতাইকারী গ্রেপ্তার করে মালামাল উদ্ধার এবং এক প্রবাসীর হারিয়ে যাওয়া ব্যাগ উদ্ধার করে নির্ধারিত সময়ে বিমানবন্দরে পৌঁছে দেওয়ার ঘটনায় সংশ্লিষ্ট পুলিশ সদস্যদের আর্থিক পুরস্কার ও সনদ দেওয়া হয়।

এ প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জনসেবামূলক কাজের স্বীকৃতি হিসেবে এ ধরনের পুরস্কার পুলিশ সদস্যদের আরও দায়িত্বশীল করে তুলবে। এতে তাদের ব্যক্তিগত ও পারিবারিক মর্যাদাও বৃদ্ধি পাবে এবং জনগণের সেবায় আরও আন্তরিক হওয়ার অনুপ্রেরণা মিলবে।

তিনি আরও বলেন, অতীতে রাজনৈতিক স্বার্থে আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করার সংস্কৃতি ছিল। বর্তমান সরকার সেই ধারা থেকে বেরিয়ে এসে জনকল্যাণমূলক কর্মকাণ্ডে বাহিনীর সদস্যদের উৎসাহিত করতে চায়।

এ বছরের পুলিশ সপ্তাহে পদক না দেওয়ার কারণ ব্যাখ্যা করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পদকের জন্য প্রস্তুত করা তালিকায় যাচাই-বাছাইয়ের সময় কিছু ত্রুটি ও অনিয়ম ধরা পড়ে। এজন্য তালিকাটি পুনরায় যাচাই করা হচ্ছে।

তিনি জানান, সংশ্লিষ্ট ফাইল বর্তমানে তাঁর দপ্তরে রয়েছে। যাচাই শেষ হলেই বিশুদ্ধ তালিকার ভিত্তিতে পুলিশ পদক প্রদানের সিদ্ধান্ত নেওয়া হবে।

ভিওডি বাংলা/জা

 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কাওরানবাজার মোড়সংলগ্ন পান্থ কুঞ্জ পার্কে ‘ভালো কাজের হোটেল’-এর নতুন কার্যক্রমের উদ্বোধন শেষে বক্তব্য দেন আবদুস সালাম। ছবি: ভিওডি বাংলা
‘মানবতার সেবায় এগিয়ে এলে বড় সমস্যারও সমাধান সম্ভব’
ছবি: সংগৃহীত
২৭ জুলাই থেকে হজের প্রাথমিক নিবন্ধন শুরু
ছবি: সংগৃহীত
শহীদ জিয়া ও বেগম জিয়ার সমাধিতে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা