সংসদ ভবন এলাকায় অনাকাঙ্ক্ষিত হট্টগোল সামাল দেন প্রতিমন্ত্রী ইশরাক
জাতীয় সংসদ ভবন এলাকায় ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠান শেষে ঘটে যাওয়া একটি অনাকাঙ্ক্ষিত ঘটনাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও নিয়ে বিভ্রান্তি না ছড়ানোর আহ্বান জানিয়েছে মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন।
রোববার (২৬ জুলাই) প্রতিমন্ত্রীর প্রেস কর্মকর্তা মাহফুজ কবির স্বাক্ষরিত এক বিবৃতিতে এ আহ্বান জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, গত ২৫ জুলাই সংসদ ভবন এলাকায় নতুন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠান শেষে উপস্থিত দলীয় কর্মী ও সাধারণ মানুষের মধ্যে হঠাৎ তর্ক-বিতর্ক সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রতিমন্ত্রী ইশরাক হোসেন নিজেই এগিয়ে যান।
এতে আরও বলা হয়, তিনি উপস্থিত সবাইকে শান্ত করেন এবং অবরুদ্ধ সড়ক যান চলাচলের উপযোগী করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করেন।
বিবৃতিতে বলা হয়, বিবাদমান দুই পক্ষের মধ্যে সংঘর্ষ এড়াতে ইশরাক হোসেন তাদের মাঝখানে দাঁড়িয়ে দূরত্ব সৃষ্টি করেন। পরে তিনি উভয় পক্ষকে স্থান ত্যাগ করার নির্দেশ দেন।
এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওকে কেন্দ্র করে একটি মহল ঘটনাটিকে ভিন্ন খাতে প্রবাহিত করার বা প্রতিমন্ত্রীর অবস্থান নিয়ে ভুল বার্তা ছড়ানোর অপচেষ্টা চালাচ্ছে বলেও অভিযোগ করা হয়। এসব প্রচারকে 'সম্পূর্ণ ভিত্তিহীন' বলে উল্লেখ করা হয়েছে।
বিবৃতিতে আরও বলা হয়, প্রতিমন্ত্রী ইশরাক হোসেন সবসময় শৃঙ্খলা ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ। অনাকাঙ্ক্ষিত এ ঘটনার পেছনে কারও উসকানি বা বিশৃঙ্খলা সৃষ্টির উদ্দেশ্য ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
একই সঙ্গে বিভ্রান্তিকর তথ্য ও গুজবে কান না দিয়ে দায়িত্বশীল আচরণ করার জন্য বিবৃতিতে সবার প্রতি আহ্বান জানানো হয়েছে।
ভিওডি বাংলা/বিন্দু/এফএ









মন্তব্য