বান্দরবানের থানচি উপজেলার তিন্দু ইউনিয়নের সাঙ্গু নদে ইঞ্জিন চালিত নৌকা ডুবে এক পর্যটক নিখোঁজ হয়েছেন।
শুক্রবার (২৪ জুলাই) বিকাল সাড়ে ৫টার দিকে নদের বড় পাথর এলাকায় এ ঘটনা ঘটে।
নিখোঁজ পর্যটকের নাম মো. জাওয়াদ উল ইসলাম। তার বাড়ি ময়মনসিংহ জেলার মাসকান্দায় বলে জানা গেছে। তাকে উদ্ধারে অভিযান চালাচ্ছে থানচি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি দল।
জানা গেছে, শুক্রবার দুপুরের পর ১৩ পর্যটকের একটি দল দু’টি ইঞ্জিন চালিত নৌকায় তিন্দু মুখ এলাকা থেকে বড় পাথরের উদ্দেশে রওনা হন। সেখানে পৌঁছলে তীব্র স্রোতের মধ্যে পড়ে নৌকা দু’টি। উজানের দিকে যাওয়ার এক পর্যায়ে নদের খর স্রোতে একটি নৌকা ডুবে যায়। এ ঘটনায় ওই নৌকায় থাকা এক পর্যটক নিখোঁজ হন।
স্থানীয়রা জানান, পর্যটকদের ওই দলটি আলীকদম উপজেলা হয়ে এসেছে। জেলা সদর থেকে চিম্বুক বা ১২ মাইল সেনা ক্যাম্প, নীলগিরি সেনা ও বলিপাড়া বিজিবি চেক পোস্টের কড়া পাহারা এড়াতে পর্যটকরা মূলত আলীকদম উপজেলা সদর হয়ে থানচির বিভিন্ন স্থানে যাতায়াতের চেষ্টা করেন।
থানচি গাইড সভাপতি জওয়াই প্রু বলেন, ১৩ জনের একটি পর্যটকের দল ২১ কিলোমিটার হয়ে তিন্দুতে প্রবেশ করে। পরে সেখান থেকে ঝর্ণার উদ্দেশে যাওয়ার সময় রাজা পাথর এলাকায় নৌকা ডুবে গিয়ে এক পর্যটক নিখোঁজ হয়ে যায়। অনান্যরা নিখোঁজ যুবককে উদ্ধারের চেষ্টা চালাচ্ছে।
থানচি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল ফয়সাল জানিয়েছেন, আলীকদম হয়ে তিন্দু ভ্রমণে যাওয়ার আগে প্রশাসনের কাছে নিজেদের পরিচয় নিবন্ধন করেননি ওই দলের পর্যটকরা। পর্যটকরা ফাঁকি দিয়ে ২১ কিলোমিটার থেকে প্রবেশ করে তিন্দু হয়ে বেড়াতে যায়। আর কোনো দুর্ঘটনায় ঘটলে এর দায় প্রশাসনের ওপর এসে পড়ে। আগামীতে মাসিক মিটিংয়ে এটি উত্থাপন করা হবে। যাতে করে পর্যটকরা চুরি করে প্রবেশ করতে না পারেন, সেই পদক্ষেপ গ্রহণ করা হবে।
তিনি বলেন, এছাড়াও এখন পরিস্থিতি বিবেচনায় সেখানে পর্যটক ভ্রমণে বর্ষাকাল পর্যন্ত কিছুদিন বন্ধ রাখা যায় কি-না দেখব।
নিখোঁজ পর্যটকের উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানান থানচি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মো. রহিদুর রহমান।
থানচি উপজেলা সদর থেকে তিন্দুমুখের দূরত্ব আনুমানিক ১২ কিলোমিটার। পর্যটকরা এক সময় তিন্দুতে শুধুমাত্র সরাসরি নৌপথে করে যেত। পরে থানচি-আলীকদম দিয়ে সংযোগ সড়ক হওয়ায় এখন অনেক পর্যটক নিবন্ধন না করেই তিন্দু, রেমাক্রি এবং নাফাকুম জলপ্রপাত ভ্রমণে যান।
ভিওডি বাংলা/জা









মন্তব্য