দিল্লিতে শিক্ষার্থীদের বিক্ষোভে পরিস্থিতি উত্তাল, বন্ধ ১৬ মেট্রো স্টেশন
ভারতের রাজধানী দিল্লিতে মেডিকেল প্রবেশিকা পরীক্ষা 'নিট' প্রশ্নপত্র ফাঁস ও বিভিন্ন অনিয়মের অভিযোগে শিক্ষার্থীদের আন্দোলন নতুন মোড় নিয়েছে। 'ককরোচ জনতা পার্টি' (সিজেপি) নেতৃত্বাধীন এ আন্দোলন ঘিরে রাজধানীজুড়ে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। সংসদ ভবনমুখী কর্মসূচি ঠেকাতে বন্ধ ঘোষণা করা হয়েছে ১৬টি গুরুত্বপূর্ণ মেট্রো স্টেশন।
অনলাইন হিন্দুস্থান টাইমস জানিয়েছে, পরিবেশকর্মী সোনাম ওয়াংচুকের টানা ২৫ দিনের অনশন এবং শিক্ষার্থীদের ওপর সাম্প্রতিক পুলিশি অভিযানের প্রতিবাদে আন্দোলন আরও বেগ পেয়েছে। একই সঙ্গে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিও জোরালো হয়েছে।
বন্ধ থাকা স্টেশনগুলোর মধ্যে রয়েছে রাজীব চক, সেন্ট্রাল সেক্রেটারিয়েট, প্যাটেল চক, রামকৃষ্ণ আশ্রম মার্গ, বারাকাম্বা রোড, সুপ্রিম কোর্ট, সেবা তীর্থ, জনপথ, মান্ডি হাউস, আইটিও, দিল্লি গেট, ইন্দ্রপ্রস্থ, খান মার্কেট, জোর বাগ ও শিবাজি স্টেডিয়াম। তবে যাত্রীদের সুবিধার কথা বিবেচনায় রাজীব চক, মান্ডি হাউস ও সেন্ট্রাল সেক্রেটারিয়েট স্টেশনে ট্রেন পরিবর্তনের সুযোগ চালু রাখা হয়েছে।
গত সোমবারের 'চলো সংসদ' কর্মসূচিকে কেন্দ্র করে সংঘর্ষ, টিয়ার গ্যাস নিক্ষেপ ও লাঠিচার্জের ঘটনার পর সহিংসতা ও ভাঙচুরের অভিযোগে একাধিক এফআইআর করেছে পুলিশ। এসব ঘটনায় শতাধিক পুলিশ সদস্য এবং বহু শিক্ষার্থী আহত হয়েছেন।
পরিস্থিতি নিয়ন্ত্রণে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় ব্যারিকেড বসানো হয়েছে। পাশাপাশি পশ্চিমবঙ্গ থেকে সিআরপিএফের অতিরিক্ত ২০ কোম্পানি সদস্যকে জরুরি ভিত্তিতে দিল্লিতে মোতায়েন করা হয়েছে।
শিক্ষার্থীদের আন্দোলনের প্রতি সমর্থন জানিয়ে রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী ও অখিলেশ যাদবসহ বিরোধী জোটের শীর্ষ নেতারা প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে বিক্ষোভ করেন। পরে পুলিশ তাদের সাময়িকভাবে আটক করে।
এদিকে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান অভিযোগ করেছেন, বিরোধী দলগুলো সংসদে আলোচনার পরিবর্তে শিক্ষার্থীদের রাজনৈতিক স্বার্থে ব্যবহার করছে।
আন্দোলনের অচলাবস্থা নিরসনে কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা বুধবার সিজেপি প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসতে পারেন বলে জানা গেছে। তবে সিজেপির মুখপাত্র আশুতোষ রঙ্কা বলেছেন, পুলিশের বাধা আন্দোলনকে দমাতে পারেনি। দাবি পূরণ না হওয়া পর্যন্ত যন্তর মন্তরে অবস্থান কর্মসূচি অব্যাহত থাকবে।
ভিওডি বাংলা/এমএস









মন্তব্য