হুতিদের হুমকিতে পথ বদলাল সৌদি তেলবাহী দুই জাহাজ

ইয়েমেনের হুতি বিদ্রোহীদের হুমকির মুখে সৌদি আরব থেকে চীন ও ভারতের উদ্দেশে ছেড়ে যাওয়া অপরিশোধিত তেলবাহী দুটি জাহাজ লোহিত সাগরের নির্ধারিত পথ পরিবর্তন করে সুয়েজ খালের দিকে রওনা হয়েছে। মঙ্গলবার (২১ জুলাই) জাহাজ চলাচল-সংক্রান্ত তথ্যের বরাতে এ তথ্য জানিয়েছে রয়টার্স।
তথ্য অনুযায়ী, শিন লং ইয়াং নামের একটি অতি-বৃহৎ তেলবাহী জাহাজ সোমবার ইয়ানবু বন্দর থেকে ২০ লাখ ব্যারেল সৌদি অপরিশোধিত তেল নিয়ে চীনের উদ্দেশে যাত্রা শুরু করেছিল। তবে পরে এটি পথ পরিবর্তন করে সুয়েজ খালের দিকে অগ্রসর হয়।
একইভাবে রোডোস নামের একটি তেলবাহী জাহাজ, যা ভারতের জন্য প্রায় সাত লাখ ব্যারেল সৌদি অপরিশোধিত তেল বহন করছিল, মঙ্গলবার সুয়েজমুখী হয়ে যায়।
ইরান-সমর্থিত ইয়েমেনের হুতি বিদ্রোহীরা সোমবার সৌদি আরবের বিরুদ্ধে নৌ অবরোধের ঘোষণা দেওয়ার পরই এ পরিস্থিতির সৃষ্টি হয়। হুতিরা বিভিন্ন নৌপরিবহন কোম্পানিকে ই-মেইলে সতর্ক করে জানায়, সৌদি বন্দরে যেসব জাহাজ পণ্য ওঠানামা করবে, সেগুলো হামলার লক্ষ্যবস্তু হতে পারে।
বর্তমানে উত্তর ইয়েমেনের বিস্তীর্ণ এলাকা, যার মধ্যে লোহিত সাগরের প্রবেশমুখ বাব আল-মান্দেব প্রণালির উপকূলও রয়েছে, হুতি গোষ্ঠীর নিয়ন্ত্রণে রয়েছে।
হরমুজ প্রণালিতে চলাচল ব্যাহত হওয়ার পর মধ্যপ্রাচ্যের কয়েক মিলিয়ন ব্যারেল তেল পরিবহনের বিকল্প পথ হিসেবে সৌদি আরবের লোহিত সাগর উপকূলে অবস্থিত ইয়ানবু বন্দর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।
এদিকে, বাব আল-মান্দেব প্রণালিকে ঘিরে হুতিদের হুমকি বৈশ্বিক জ্বালানি বাজারে উদ্বেগ আরও বাড়াচ্ছে বলে জানিয়েছে আন্তর্জাতিক জ্বালানি সংস্থা। এক বিবৃতিতে সংস্থাটি জানায়, মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক পরিস্থিতির কারণে তারা বৈশ্বিক তেলের বাজার নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।
সংস্থাটির মতে, লোহিত সাগরের দক্ষিণ প্রবেশদ্বার বাব আল-মান্দেব প্রণালি হরমুজ প্রণালির একটি গুরুত্বপূর্ণ বিকল্প নৌপথে পরিণত হয়েছে। ফলে এ অঞ্চলে নিরাপত্তা ঝুঁকি বৃদ্ধি আন্তর্জাতিক জ্বালানি বাজারে বিদ্যমান উদ্বেগকে আরও তীব্র করে তুলছে।
ভিওডি বাংলা/আ








মন্তব্য