মাছের ঘেরে পড়েছিল জামায়াত কর্মীর লাশ

সাতক্ষীরা সদর উপজেলায় একটি মাছের ঘের থেকে সুমন হোসেন নামে এক জামায়াত কর্মীর লাশ উদ্ধার করেছে পুলিশ। তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে অভিযোগ পরিবার ও দলীয় নেতাকর্মীর।
সোমবার (২০ জুলাই) সকালে উপজেলার কৈখালী গ্রামের একটি মাছের ঘের থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত সুমন হোসেন কৈখালী গ্রামের আব্দুল হামিদের ছেলে। তিনি উপজেলা জামায়াতে ইসলামীর কর্মী ছিলেন।
নিহতের পরিবারের সদস্যরা জানান, রোববার রাতে বিশ্বকাপ ফুটবলের ফাইনাল খেলা দেখার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন সুমন। এরপর তিনি আর বাড়ি ফেরেননি। সোমবার সকালে স্থানীয় লোকজন কৈখালী এলাকার কেসমত আলীর মাছের ঘেরে তার লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।
নিহতের বাবা আব্দুল হামিদ বলেন, রাতে খেলা দেখতে বের হওয়ার পর থেকে ছেলের কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। সকালে জানতে পারি ঘেরের পানিতে উলঙ্গ তার লাশ পাওয়া গেছে।
লাবসা ইউনিয়ন পরিষদের জামায়াত মনোনীত চেয়ারম্যান প্রার্থী মাওলানা মনোয়ার হোসেন বলেন, ঘটনাস্থলের আলামত দেখে এটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে মনে হচ্ছে। তাকে টেনে নিয়ে যাওয়া হয়েছে এবং তার পোশাক খুলে নেওয় হয়েছে। আমরা এ ঘটনার সুষ্ঠু তদন্ত এবং জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।
সাতক্ষীরা সদর থানার ওসি মাসুদুর রহমান বলেন, স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ লাশ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য লাশ সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত শুরু হয়েছে এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ভিওডি বাংলা/এফএ








মন্তব্য